চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে স্থান হবে না: মির্জা মোস্তফা জামান
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :
বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ী ও দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের কোনো স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অন্যায়-অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জনগণের আস্থা অর্জন, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়ন নান্দিনা গ্রামে বিএনপি’র নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপি’র বর্তমান সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফাজামান নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, নেতাকর্মীদের ত্যাগ, দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনসহ বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।
মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। শুধু নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও বিভিন্নভাবে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক নেতাকর্মী বাড়িঘর ছেড়ে থাকতে বাধ্য হয়েছেন, ব্যবসা-বাণিজ্য হারিয়েছেন এবং জীবিকার তাগিদে বিভিন্ন স্থানে কষ্টকর জীবন কাটিয়েছেন। তাঁদের ত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, বিএনপি আজ যে অবস্থানে এসেছে, তার পেছনে তৃণমূলের অসংখ্য ত্যাগী নেতাকর্মীর অবদান রয়েছে। অথচ অনেক ক্ষেত্রে তাঁদের খোঁজখবর রাখা হয় না। দলের কিছু নেতা সুবিধা ভোগ করলেও তৃণমূলের ত্যাগী কর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। জনগণের ভালোবাসা ও নেতাকর্মীদের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে মানুষের পাশে দাঁড়াতে হবে।
দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে চলার আহ্বান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়ে মির্জা মোস্তফা জামান বলেন, জনগণের আস্থা অর্জনই বিএনপির রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা কিংবা অন্য কোনো অপরাধে জড়িত হলে তাকে ছাড় দেওয়া যাবে না। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের কারণে যেন পুরো দলের ভাবমূর্তি নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে জনগণ যেন আস্থা রাখতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের পার্থক্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ কোনো রাজনৈতিক দলের সমর্থক হলেই তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ করা উচিত নয়। যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং কোনো অপরাধে জড়িত নন, তাঁদের সঙ্গে সহাবস্থান নিশ্চিত করতে হবে। তবে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
ত্যাগী নেতাকর্মীদের মতামতে কমিটি গঠনের দাবি
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন প্রসঙ্গে মির্জা মোস্তফা জামান বলেন, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটি নিয়ে সাংগঠনিক কার্যক্রম চলছে। তৃণমূলের অনেক কমিটি বিলুপ্ত থাকায় নতুন করে নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর পরামর্শ ও নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া উচিত। তৃণমূল থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড, থানা ও পৌর পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীদের মতামত নিয়ে কমিটি গঠন করতে হবে। কোনো ব্যক্তির পছন্দ, প্রভাব কিংবা অর্থের বিনিময়ে পকেট কমিটি করা চলবে না।
তিনি আরও বলেন, যাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রেখেছেন, তাঁদের নেতৃত্বে আসার সুযোগ দিতে হবে। কমিটি গঠনে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মতামত ও সাংগঠনিক যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে।
ছাত্ররাজনীতি থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজের রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে মির্জা মোস্তফা জামান বলেন, তিনি ২০০১ সালে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ও পরে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, তাঁর রাজনৈতিক পথচলার পেছনে সিরাজগঞ্জের নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা রয়েছে। তাঁর বাবা মরহুম মির্জা মুরাদুজ্জামান বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি ১৯৭৯ সালে উল্লাপাড়া এবং ১৯৮১ সালে সিরাজগঞ্জ সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনসেবায় ভূমিকা রাখেন বলে উল্লেখ করেন মির্জা মোস্তফা জামান।
তিনি বলেন, বাবার রাজনৈতিক আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা ধরে রেখে তিনিও দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন। রাজনীতি করে দলের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার পরিবর্তে জনগণের পাশে দাঁড়ানোই তাঁর লক্ষ্য।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাঁর চেয়ে যোগ্য প্রার্থী থাকলে তাঁকে দায়িত্ব দেওয়া হলে তিনি তা মেনে নেবেন। ব্যক্তিগত পদ-পদবির চেয়ে দলের গণতান্ত্রিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন বেশি গুরুত্বপূর্ণ।
জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিতে মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপিকে একটি জনমুখী ও পরিচ্ছন্ন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তবে দলের ক্ষতি করে এমন ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের সুখ-দুঃখের কথা শুনতে হবে এবং স্থানীয় সমস্যার সমাধানে উদ্যোগী হতে হবে। ওয়ার্ড পর্যায়ে সমাধান সম্ভব না হলে ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। পারস্পরিক মতপার্থক্য থাকলেও বিভেদ সৃষ্টি করা যাবে না; আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।
আগামী দিনে বিএনপিকে জনগণের আস্থা নিয়ে ক্ষমতায় থাকতে হলে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড ও ফ্যামিলি কার্ডসহ জনকল্যাণমূলক কর্মসূচির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তব্যের শেষাংশে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখা, ত্যাগী কর্মীদের মূল্যায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
The post চাঁদাবাজ-দখলবাজদের বিএনপিতে স্থান হবে না: মির্জা মোস্তফা জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে উঠতি মধ্যবিত্তের বিকাশ এবং স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা
১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ AM · প্রথম আলো
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ; সিজন-৪’ অনুষ্ঠিত
১৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে সয়াধানগড়া জগাই মোড়ে গলি রাস্তার ঢালাই কাজের উদ্বোধন
১৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে পূজামণ্ডপে জেলা পরিষদের ৫৫ লাখ টাকার চেক বিতরণ
১৮ অক্টোবর, ২০২৬ এ ৯:২৫ PM · Ntvbd
সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের চেক বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৩৬ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
