শাহজাদপুর সংবাদ

তরুণদের হাত ধরে আন্তর্জাতিক বাজারে তাঁতকুঞ্জ সিরাজগঞ্জ

৭ নভেম্বর, ২০২৬ এ ৩:০০ PM

তরুণদের হাত ধরে আন্তর্জাতিক বাজারে তাঁতকুঞ্জ সিরাজগঞ্জ

ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল - ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]

কালের বিবর্তনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর তরুণ প্রজন্মের উদ্যোমী ছন্দে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প এখন কেবল দেশীয় চাহিদাই মেটাচ্ছে না, বরং আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে। আড়াই লক্ষাধিক তাঁত এবং প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই জনপদ বর্তমানে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

একসময়ের হস্তচালিত তাঁতের খটখট শব্দে মুখর থাকা সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলোতে এখন যুক্ত হয়েছে বিদ্যুৎচালিত পাওয়ার লুম। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন বহুগুণ বাড়ানোয় জেলায় প্রতিবছর গড়ে প্রায় দেড় হাজার কোটি টাকার তাঁতপণ্য উৎপাদিত হচ্ছে। স্থানীয় শ্রমিক ও কারিগরদের নিরলস পরিশ্রমে তৈরি আন্তর্জাতিক মানের লুঙ্গি ও গামছা আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বমঞ্চে তুমুল সুনাম কুড়াচ্ছে।

সারা বছর কাজ থাকলেও বাংলা নববর্ষ এবং দুই ঈদকে কেন্দ্র করে এখানকার তাঁতপল্লিগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়। এই ব্যস্ত মৌসুমে কাজের চাপ তুঙ্গে থাকায় তরুণ শ্রমিক থেকে শুরু করে স্থানীয় কারিগরদের দৈনিক আয় বাড়ে, যা তাদের পারিবারিক সচ্ছলতা ফেরাতে এবং অভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

স্থানীয় হাটগুলো থেকে দেশের শীর্ষস্থানীয় বড় বড় কোম্পানি সরাসরি উন্নত মানের লুঙ্গি, শাড়ি ও গামছা সংগ্রহ করে বিদেশে রপ্তানি করছে। পাইকারি বাজারের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের সৌদি আরব ও ইউরোপের যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন নিয়মিত পৌঁছে যাচ্ছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতপণ্য, যা পুরো অঞ্চলের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে।

সিরাজগঞ্জের তৈরি ঐতিহ্যবাহী লুঙ্গি ও গামছা ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি লাভ করায় এই শিল্পের সঙ্গে জড়িতদের কাজের প্রেরণা বহুলাংশে বেড়ে গেছে। এই মর্যাদাপূর্ণ অর্জন এবং আনুষ্ঠানিকভাবে তাঁতকুঞ্জ সিরাজগঞ্জ হিসেবে ব্র্যান্ডিং হওয়ার ফলে আন্তর্জাতিক পরিসরে দেশীয় তাঁতপণ্যের বাজার আরও বিস্তৃত হবে বলে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় উদ্যোক্তা ও সমিতির নেতারা।

সূত্র: Boishakhi Online

সম্পর্কিত সংবাদ