শাহজাদপুর সংবাদ

কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদেরের মতবিনিময় সভায় জনস্রোত,পাশে থাকার অঙ্গীকার

২৬ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM

কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদেরের মতবিনিময় সভায় জনস্রোত,পাশে থাকার অঙ্গীকার

মো. জুয়েল হোসেন,:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কাদের সেখের সঙ্গে এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ঠাকুরট্যাক এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনসাধারণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ মুরুব্বিসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলহাজ্ব আব্দুল কাদের সেখ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যার কথা শোনেন। এ সময় তিনি সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

সভায় উপস্থিত ঠাকুরট্যাক এলাকার বাসিন্দারা জানান, ছোট পরিসরের বৈঠকেও যে পরিমাণ মানুষের সমাগম ঘটছে, তাতেই স্পষ্ট যে এলাকার মানুষ তাঁকেই আগামী দিনের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

স্থানীয় এক সাবেক ইউপি সদস্য বলেন, আব্দুল কাদের সেখ এর আগেও দুইবার চেয়ারম্যান ছিলেন, আমি তখন মেম্বার হিসেবে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর মতো স্বচ্ছ ও সৎ জনপ্রতিনিধি খুব কমই দেখা যায়।

এ সময় বক্তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর কাছে আলহাজ্ব আব্দুল কাদের সেখকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল কাদের সেখ বলেন, আজ আমি যেখানে সভা করছি এটি আমার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এলাকা বনবাড়িয়া, আর আমার বাড়ি ছাতিয়ানতলী। আমার গ্রামে তিনি বিশজন লোক নিয়েও মিটিং করতে পারবেন না, অথচ তাঁর এলাকায় আমার সভায় মানুষের ঢল নেমেছে। রাত পর্যন্ত সাত-আটশ মানুষ আমার সঙ্গে রয়েছেন। যিনি আজ নিজেকে বিএনপি দাবি করেন, তিনি বিগত ১৭ বছর কোথায় ছিলেন তা আপনারাই ভালো জানেন!

এ সময় তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, দল ত্যাগী ও জনপ্রিয় নেতৃত্বকেই মূল্যায়ন করবে।

নিজের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তিনি কলেজ, হাইস্কুল ও প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছেন। ভবিষ্যতে নির্বাচিত হলে নদীভাঙনকবলিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে সুস্থধারায় রাখতে খেলাধুলার ব্যবস্থা করা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে সমাজের সব অসংগতি দূর করার অঙ্গীকার করেন তিনি।

মতবিনিময় সভায় কালিয়া হরিপুর ইউনিয়ন ও ঠাকুরট্যাক ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন।

The post কালিয়া হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদেরের মতবিনিময় সভায় জনস্রোত,পাশে থাকার অঙ্গীকার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ