শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে কারাগারে এক হাজতির মৃত্যু

২৬ নভেম্বর, ২০২৬ এ ৭:০১ PM

সিরাজগঞ্জে কারাগারে এক হাজতির মৃত্যু

সিরাজগঞ্জে জেলা কারাগারে হত্যা মামলার আসামি মো. সুমন সরকার (৩৪) মৃত্যু হয়েছে।

বুধবার দিনগত রাত ২টা ৫০ মিনিটের সময় কারাগারে অসুস্থ হয়ে পড়েন সুমন। পরে দ্রুত তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার (২৫) নভেম্বর ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সুমন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয় নগর গ্রামের বাসিন্দা একই এলাকার মৃত কাবের সরকারের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি হিসেবে প্রায় এক বছর ধরে কারাগারে হাজতবাস করছিলেন।

নিহত সুমনের স্ত্রী মোছা. জমেলা খাতুন জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মোবাইল ফোনে কারাগার থেকে খবর দেওয়া হয় তার স্বামী মারা গেছেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, গত পাঁচ বছরে কারাগারে অসুস্থ হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জন পুরুষ বন্দীর মৃত্যু হয়েছে। সুমনের মৃত্যু নিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।

এদিকে মৃত্যুর সনদে সুমনের মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর’ এবং ‘সিভিডি উইথ ভমিটিং’ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হৃদযন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং হৃদরোগজনিত জটিলতার সঙ্গে বমির উপসর্গের কথা উল্লেখ করা হয়েছে।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ