এবার ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করছে বিআরটিসি
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:০৯ PM

শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে বিশেষ বাস সেবা চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত এই বিশেষ বাসসেবা পরিচালিত হবে।
বিআরটিসি জানিয়েছে, পূজায় সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনায় বিশেষ বাস চালু করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’। এই সেবার জন্য আগামীকাল শুক্রবার থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
দীর্ঘদিন ধরেই বিআরটিসি ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় ‘ঈদ স্পেশাল সার্ভিস’ নামে বিশেষ বাস সেবা চালু করে। এবার পূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটি রয়েছে। ফলে সড়কপথে চাপ বাড়বে। এ জন্যই সড়ক মন্ত্রণালয় বিশেষ সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই সেবার জন্য ২০০ বাস নির্ধারিত করেছে বিআরটিসি। এসব বাসের মধ্যে শীতাতপনিয়ন্ত্রিত (এসি), নন-এসি, দ্বিতল ও একতলা—সব ধরনের বাসই থাকবে। যাত্রীচাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা আছে বলে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।
বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ সেবার বাসের বেশির ভাগই রাজধানী ঢাকার বিভিন্ন বাস ডিপো ও গাজীপুর থেকে ছেড়ে যাবে। যেসব গন্তব্যে পূজার বিশেষ বাস যাবে এর মধ্যে রয়েছে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম। এর বাইরে এক জেলা থেকে অন্য জেলাতেও কিছু বিশেষ সেবার বাস চলবে।
এই বিশেষ বাসসেবার জন্য বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস সার্বক্ষণিক রাখা হবে বলে বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিসের সেবা গ্রহণ এবং এই সার্ভিস–সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিআরটিসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শুকদেব ঢালী প্রথম আলোকে বলেন, বিআরটিসি নিয়মিতভাবে ২০০–এর বেশি রুটে বাস পরিচালনা করে। নিয়মিত বাসের বাইরে পূজার বিশেষ বাস পরিচালনা করা হবে। লম্বা ছুটির কারণে সড়কে চাপ হতে পারে—এই বিবেচনায় সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকেই বিশেষ সেবা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে সুলতানের মনোনয়ন পত্র দাখিল
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তিস্তা প্রকল্পকে কীভাবে ভূরাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা যায়
১৫ অক্টোবর, ২০২৬ এ ৭:১২ PM · প্রথম আলো
উল্লাপাড়ায় শহীদ জেহাদের স্মরণে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় দু’লাখ ২৮ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:৪১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জামায়াতের দলীয় সমর্থন পেয়ে চেয়ারম্যান পদে প্রচারণায় শেখ মো. আইয়ুব আলী
১৫ অক্টোবর, ২০২৬ এ ৬:২৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রাক থেকে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৪১ PM · Ajker Patrika
