উল্লাপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন সাবেক আওয়ামী লীগ নেতা রতন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৪ PM

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রতন বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁর এই মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে সমালোচনা ও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রতন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি ২০২০ সালে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। ২০২৩ সালে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও দলীয় মনোনয়ন পাননি। ২০২৪ সালের আগে উল্লাপাড়ার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ব্যানার-ফেস্টুনের ব্যাপক উপস্থিতি ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রতন মিয়া। সে সময়ও তাঁর দল পরিবর্তন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
সম্প্রতি বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহের ঘটনায় নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।
এ বিষয়ে রফিকুল ইসলাম রতন বলেন, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষার স্বার্থেই তখন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। সাবেক সংসদ সদস্য আকবর আলীর একটি নির্বাচনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বলেও জানান তিনি।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন বলেন, আমি সবসময় ত্যাগী নেতাকর্মীদের পক্ষে, হাইব্রিডদের পক্ষে নই। মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।
অন্যদিকে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উল্লাপাড়ায় ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান এবং সভাপতি-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নূর কায়েম সবুজ বলেন, রতন মিয়ার মনোনয়ন ফরম সংগ্রহ নিয়ে বিতর্কের বিষয়টি তিনিও অবগত রয়েছেন। তবে তিনি রতন মিয়াকে চেনেন না বলে জানান। মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক মহলে এখন আলোচনা, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা কোনো ব্যক্তি বিএনপির মনোনয়ন পাবেন কি না এবং এ ক্ষেত্রে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন কতটা নিশ্চিত হবে।
The post উল্লাপাড়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন সাবেক আওয়ামী লীগ নেতা রতন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে ঝুট কাপড়ের কম্বল তৈরির ধুম
২৪ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৬ PM · Alokito Bangladesh
খেলাধুলাকে শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
২৪ নভেম্বর, ২০২৬ এ ৮:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রতনকান্দিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে চান ত্যাগী ও পরীক্ষিত নেতা আল-আমিন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৫:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:১৩ PM · nagorik tv
