আদালতের রিটে থমকে আছে এলিট টাওয়ারের অবৈধ অংশ অপসারণ
২৯ অক্টোবর, ২০২৬ এ ১:৪৩ AM

সিরাজগঞ্জ শহরের দরগা রোডে নির্মিত এলিট টাওয়ারের অনুমোদনবহির্ভূত অষ্টম তলা অপসারণের উদ্যোগ আবারও অনিশ্চয়তায় পড়েছে। সাততলা নির্মাণের অনুমোদন থাকলেও ভবনটি নির্মাণ করা হয়েছে আটতলা।
এ অংশ অপসারণে দুই বছরের বেশি সময় ধরে একাধিকবার নোটিশ ও নির্দেশনা দেওয়া হলেও তা বাস্তবায়ন করতে পারেনি সিরাজগঞ্জ পৌরসভা। সর্বশেষ চূড়ান্ত নোটিশে অভিযান পরিচালনার তারিখ নির্ধারণ করা হলেও নির্ধারিত দিনে তা হয়নি। পরে ভবনমালিকদের হাইকোর্টে রিটের কথা জানিয়ে আপাতত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পৌর প্রশাসন।
সিরাজগঞ্জে পৌরসভা সূত্রে জানা গেছে, এলিট টাওয়ারের মালিক জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সাবেক স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম ও হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ গং। ভবনটির অনুমোদনবহির্ভূত অংশ অপসারণে ২০২৪ সালের ৯ জুলাই তৎকালীন পৌর মেয়র নির্দেশ দেন। এরপর ২০২৫ সালের ২৩ এপ্রিল পৌর প্রশাসকের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়। একই বছরের ১১ আগস্ট আবারও অপসারণের নির্দেশনা দেওয়া হয়।
সর্বশেষ ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর পৌর প্রশাসক শাহাদাত হুসেইন স্বাক্ষরিত চূড়ান্ত নোটিশে ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুমোদনবহির্ভূত অষ্টম তলা অপসারণে অভিযান পরিচালনার সিদ্ধান্ত জানানো হয়। এ জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উপস্থিত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার পাশাপাশি সিরাজগঞ্জ সদর থানার কাছে পুলিশ ফোর্সও চাওয়া হয়।
তবে নির্ধারিত দিনে অভিযান বাস্তবায়ন করেনি পৌরসভা। এ বিষয়ে ওই সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম জানিয়েছিলেন, পৌর প্রশাসকসহ তারা ভবনটি অপসারণ করতে গিয়েছিলেন। কিন্তু ভবনমালিক স্ট্রোক করায় তারা ১০ থেকে ১৫ দিনের সময় চেয়েছেন।
এরপর ওই সময়সীমা পেরিয়ে গেলেও অনুমোদনবহির্ভূত অংশ অপসারণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গত ২৭ অক্টোবর এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পৌরসভার প্রশাসক স্যারের সঙ্গে আমরা বসব। পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ভবনমালিক খাদেমুল ইসলাম জানিয়েছেন, ভবনটির বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। তিনি বলেন, ভবনের বিষয়ে হাইকোর্টে রিট হয়ে গেছে। এটি এখন আদালতের বিষয়।
সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, ভবনমালিকরা হাইকোর্টে রিট করেছেন। আমরা সেটির জবাব দেব। বর্তমানে আদালতের আছে। জবাব দেওয়ার পরই ব্যবস্থা নিতে পারব বলে আশা করছি।
পৌরসভার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ভবনটির অনুমোদনবহির্ভূত অংশ অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ চূড়ান্ত নোটিশে অভিযান পরিচালনার তারিখ নির্ধারণ এবং পুলিশ ফোর্স চাওয়ার পরও অভিযান না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এখন আদালতের নিষেধাজ্ঞা ও আইনি প্রক্রিয়ার পর পৌরসভা কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
তালাকের দুই মাস পর প্রেমিকের বাড়িতে ফিরলেন তরুণী
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পাবনার ভাঙ্গুড়ায় জমি দখল নিয়ে বিরোধ; বেড়া নির্মাণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে হুমকির মুখে তাঁত শিল্প, লোকসানে দিশেহারা মালিকরা
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · Daily Nabochatona
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে কলেজে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ মিছিল
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:০৩ PM · সিরাজগঞ্জের কাগজ
সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো ধ্বংস
১০ নভেম্বর, ২০২৬ এ ৫:৩৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
