শাহজাদপুর সংবাদ

অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবী ছাত্রদলের

১১ নভেম্বর, ২০২৬ এ ২:২৭ AM

অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবী ছাত্রদলের

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের অবরুদ্ধ করে পদত্যাগের দাবীতে ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জ সরকারি কলেজ গেটে জয় বাংলা শ্লোগান দিয়ে ১০ তারিখের সর্বাত্মক অবরোধের সমর্থনে ব্যানার লাগিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনায় কলেজের অধ্যক্ষকে দায়ী করে তাকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবীতে বিক্ষোভ করেছে ছাত্রদল।

তবে পরীক্ষার কারণে গেট তালাবদ্ধ থাকায় নিষিদ্ধ ছাত্রলীগ এই ব্যানার লাগিয়েছে বলে দাবী অধ্যক্ষের।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টাব্যাপী অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা।

জানা যায়, বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি জীবন সেখ ও সাধারণ সম্পাদক জিম আহমেদ আকাশের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মঙ্গলবার (১০ নভেবম্বর) এর অবরোধের ব্যানার লাগিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে পালিয়ে যায়। এরপর তারা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়।

এ ঘটনার জন্য অধ্যক্ষ ড. মহীদুল হাসানকে দায়ী বিক্ষোভ করে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীরা।

বেলা আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কলেজে অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে জেলা বিএনপির শীর্ষ নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাসহ নেতাকর্মীদের দাবী, অধ্যক্ষের সঙ্গে ছাত্রলীগের যোগাযোগ আছে। তিনি কলেজে উপস্থিত থাকাকালীন কলেজ গেটে ব্যানারা টানানোর মতো দুঃসাহস দেখিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় অধ্যক্ষের পদত্যাগ দাবী করেন তারা।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, কলেজ গেটে ছাত্রলীগের ব্যানার লাগানোকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে অধ্যক্ষ ড. মহীদুল হাসান বলেন, কলেজে বোর্ড পরিক্ষা থাকায় আমি আমার রুমে ছিলাম। পরীক্ষার কারণে কলেজের সবগুলো গেট বন্ধ ছিল। এ অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের ৩/৪ জন নেতাকর্মী কলেজের উত্তরদিকের গেইটের নীচে তালা দিয়ে সেখানে ব্যানার লাগায় এবং ভিডিও করে তা ফেসবুকে ছেড়ে দেয়। ঘটনার পরপরই কলেজের এক কর্মচারির মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। এরপর ২৫/৩০ জন ছাত্র এসে কলেজে বিক্ষোভ করে।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় ছাত্রলীগের সঙ্গে আমার সম্পর্কের বিষয়টি ভিত্তিহীন ও অবান্তর।

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

2026 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.

সূত্র: Protidiner Bangladesh

সম্পর্কিত সংবাদ