শাহজাদপুর সংবাদ

২৭ ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস, পাম্পেই রাত কাটাচ্ছেন চালকরা

১৩ আগস্ট, ২০২৬ এ ৮:২৪ PM

২৭ ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস, পাম্পেই রাত কাটাচ্ছেন চালকরা

সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি অটোরিকশা, হাইয়েস ও বাসচালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে অনেক চালক পাম্পের পাশে নিজেদের যানবাহনেই রাত কাটাচ্ছেন।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের এ্যালবাট্রস এনার্জি সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের যানবাহন। চালকদের কেউ ২৪ ঘণ্টা, কেউ ২৭ ঘণ্টা, আবার কেউ ২৮ ঘণ্টা ধরে গ্যাসের অপেক্ষায় রয়েছেন।

এনায়েতপুর-বেলকুচি রুটের সিএনজিচালক বেল্লাল হোসেন হৃদয় জানান, বুধবার বেলা ১১টার দিকে গ্যাসের জন্য সিরিয়াল দেওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্তও তিনি গ্যাস পাননি। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ এলে গ্যাস দেওয়া হবে।

রায়গঞ্জের ধানগড়া থেকে কাঠেরপুল রুটের চালক আমজাদ হোসেন দুল্লা বলেন, তিনি প্রায় ২৭ ঘণ্টা ধরে গ্যাসের অপেক্ষায় রয়েছেন। বাড়ি দূরে হওয়ায় রাতে নিজের সিএনজিতেই ঘুমিয়েছেন। তবে কখন গ্যাস পাওয়া যাবে, তা নিয়ে তিনি অনিশ্চয়তায় রয়েছেন।

চালকদের কয়েকজন জানান, গ্যাস সংকটের প্রতিবাদে তারা একপর্যায়ে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধও করেছিলেন। তবে তাতেও সমস্যার সমাধান হয়নি।

বাসচালক জহুরুল ইসলামও জানান, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও তিনি গ্যাস পাননি। রাতে বাসের মধ্যেই তাকে ঘুমাতে হয়েছে।

এ্যালবাট্রস এনার্জি লিমিটেডের ক্যাশ কাউন্টারে দায়িত্ব পালনকারী মো. পলাশ বলেন, ১২ আগস্ট সকাল সাড়ে ১০টার পর থেকেই পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তার দাবি, শুধু সিরাজগঞ্জ নয়, দেশের বিভিন্ন এলাকাতেই একই ধরনের সংকট চলছে। সরবরাহ স্বাভাবিক হলে গ্যাস দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যেই গ্যাস সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more

সূত্র: WebBangladesh

সম্পর্কিত সংবাদ