হাতকড়া পরে মায়ের জানাজায় আ.লীগ নেতা
২ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৪ PM

বগুড়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি হিরো। এ সময় তার হাতে হাতকড়া ছিল। স্বজন ও এলাকাবাসী জানাজার সময় হাতকড়া খুলে দেওয়ার অনুরোধ করলেও পুলিশ তা শোনেনি।
গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে হিরোর মা হাফিজা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়।
হাফিজা বেগম গত শনিবার থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বৃহস্পতিবার সকালে স্বজনরা একমাত্র ছেলে সিরাজগঞ্জ কারাগারে বন্দি মাশরাফি হিরোর প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেন।
বিকেলে পুলিশ পাহারায় মাশরাফি হিরোকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জাহানাবাদ গ্রামে নিয়ে যাওয়া হয়। তাকে বহন করা গাড়ির সঙ্গে ছিলেন সিরাজগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আশিকুর রহমান। পরে বগুড়া সদর থানা থেকে যোগ দেন এসআই সোলাইমান আলী। এ দুজনের তত্ত্বাবধানেই মাশরাফি হিরোকে কারাগার থেকে আনা নেওয়া করা হয়।
মাশরাফি হিরোর ভায়রা রহেদুল ইসলাম বলেন, ‘আমি পুলিশ ও কারারক্ষীকে অনুরোধ করেছিলাম, জানাজা ও মাটি দেওয়ার সময় হাতকড়া খুলে দেওয়ার জন্য। কিন্তু তারা আমার কথা শোনেননি। ফলে হাতকড়া নিয়েই জানাজা অংশ নেন ও কবরে মাটি দেন হিরো।’
কারারক্ষী আশিকুর রহমান বলেন, ‘নিরাপত্তার জন্য আমরা তাকে জানাজা ও দাফন শেষে সিরাজগঞ্জে নিয়ে যাই।’
এসআই সোলাইমান আলী বলেন, ‘আমি সিরাজগঞ্জ পুলিশের সহযোগী হিসেবে গিয়েছিলাম। হাতকড়ার চাবি আমার কাছে ছিল না। সেখানে অনেক লোকের সমাগম হয়েছিল বিধায় নিরাপত্তার স্বার্থে দ্রুত তাকে সেখান থেকে নিয়ে আসা হয়।’
সিরাজগঞ্জ কারাগারের সুপার আনোয়ার হোসেন বলেন, ‘আমরা আসামিকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হেফাজতে দিয়েছি। তারা কী করেছে তা আমার জানা নেই।’
বগুড়া কারাগারের সুপার আসাদুর রহমান বলেন, ‘দুই মাস আগে ওই আসামিকে বগুড়া থেকে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয় আমার দায়িত্বের মধ্যে পড়ে না।’
২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতা মাশরাফি হিরোর বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা করা হয়। তাকে গত বছরের ২৩ মে রাজধানী থেকে গ্রেপ্তার করে বগুড়া ডিবি পুলিশ। বগুড়া কারাগার থেকে দুই মাস আগে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।
সূত্র: samakal.com
সম্পর্কিত সংবাদ
দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে সাধারণ সম্পাদক পদে আলোচনায় নূর কায়েম সবুজ
৩ অক্টোবর, ২০২৬ এ ২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকছেন যারা ।
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা, ভারসাম্যহীন যুবক নিখোঁজ
২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭ PM · nagorik tv
ইতিহাসে স্বর্ণাক্ষরে সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামান
২ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ঘাটাইলে ভাইস চেয়ারম্যান পদে জসিম সরকার,সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল
২ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
