ইতিহাসে স্বর্ণাক্ষরে সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামান
২ অক্টোবর, ২০২৬ এ ১১:২৮ PM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :
সিরাজগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন ইতিহাসে স্মরণীয় এক নাম মির্জা মোরাদুজ্জামান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নানা উদ্যোগে সম্পৃক্ত হন তিনি।
জানা যায় ১৯৩৯ সালের ১১ মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের এক মধ্যবিত্ত কৃষক পরিবারে মির্জা মোরাদুজ্জামানের জন্ম। রাজনৈতিক জীবনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্মৃতিচারণমূলক বিভিন্ন তথ্যে জানা যায়, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের প্রস্তুতি ও সংগঠনের কাজে যুক্ত হতে ভারতে যান।
পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে দলের প্রতিষ্ঠাকালীন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে তথ্য ও গবেষণাবিষয়ক দায়িত্বে ছিলেন বলে বিভিন্ন স্মারক ও স্মৃতিচারণমূলক তথ্যে উল্লেখ রয়েছে।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মির্জা মোরাদুজ্জামান এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। দল-মত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করার কারণে তাঁর রাজনৈতিক জীবনের একটি বড় অংশ স্থানীয় উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে স্মরণ করেন তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।
সংসদ সদস্য থাকাকালে তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য এবং শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সিরাজগঞ্জের শিক্ষা খাতে তাঁর অবদানের মধ্যে তৎকালীন সিরাজগঞ্জ সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর, অনার্স-মাস্টার্স কোর্স চালু, বাণিজ্য ভবন ও ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ উল্লেখযোগ্য। একইসঙ্গে ভাসানী ডিগ্রি কলেজ, যমুনা ডিগ্রি কলেজ, শিমলা ডিগ্রি কলেজ ও বাগবাটি কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগেও তাঁর ভূমিকার কথা স্মরণ করা হয়।
স্বাস্থ্য ও ক্রীড়া খাতেও তাঁর অবদানের কথা বিভিন্ন স্মৃতিচারণে উঠে এসেছে। শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের উন্নয়ন, সদর হাসপাতাল আধুনিকীকরণ, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং সিরাজগঞ্জ বার ভবন নির্মাণে তাঁর ভূমিকার কথা উল্লেখ করা হয়।
সিরাজগঞ্জের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাইলফলক যমুনা বহুমুখী সেতু নির্মাণের ক্ষেত্রেও মির্জা মোরাদুজ্জামানের অগ্রণী ভূমিকা । এ কারণে সিরাজগঞ্জের উন্নয়ন ইতিহাসে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে যমুনা সেতু নির্মাণের বিষয়টি স্মরণ করা হয়।
দীর্ঘ রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পর ১৯৯৫ সালের ১৮ জুলাই ভোরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা মোরাদুজ্জামান মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুর পরও সিরাজগঞ্জে বিভিন্ন সময় স্মরণসভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়ে আসছে। মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সিরাজগঞ্জের উন্নয়নে তাঁর অবদান স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আজও আলোচিত।
মির্জা মোরাদুজ্জামানের জ্যেষ্ঠ সন্তান মির্জা মোস্তফা জামান বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মির্জা মোরাদুজ্জামানের জ্যেষ্ঠপুত্র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, ‘আমার বাবা আজও সিরাজগঞ্জের মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। সাধারণ মানুষ তার কাছে নির্দ্বিধায় নিজেদের কথা বলতে পারতেন। তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করতেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনকে লালন করতেন। এ কারণেই তিনি মানুষের ভালোবাসায় আজও স্মরণীয়।’
তিনি আরও বলেন, ‘মোরাদুজ্জামান একদিনে নেতা হয়ে ওঠেননি। তিনি কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ভাষা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও জনসম্পৃক্ততার কারণেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো তার আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে মির্জা মোরাদুজ্জামানের কর্মময় জীবন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড তাই আজও স্মরণীয় হয়ে আছে।
The post ইতিহাসে স্বর্ণাক্ষরে সাবেক এমপি মির্জা মোরাদুজ্জামান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে সাধারণ সম্পাদক পদে আলোচনায় নূর কায়েম সবুজ
৩ অক্টোবর, ২০২৬ এ ২:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দেশব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিচারক হিসাবে থাকছেন যারা ।
৩ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
সিরাজগঞ্জে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা, ভারসাম্যহীন যুবক নিখোঁজ
২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭ PM · nagorik tv
ঘাটাইলে ভাইস চেয়ারম্যান পদে জসিম সরকার,সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল
২ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
