শাহজাদপুর সংবাদ

সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের মহোৎসব: বিআরটিএ-র নিষ্ক্রিয়তায় ঝরল দুই প্রাণ‎

২৮ আগস্ট, ২০২৬ এ ১০:১৮ PM

সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের মহোৎসব: বিআরটিএ-র নিষ্ক্রিয়তায় ঝরল দুই প্রাণ‎

‎​রাকিবুল ইসলাম রাকিব :‎‎সিরাজগঞ্জের আঞ্চলিক সড়কগুলো যেন এখন অবৈধ দখল আর বিশৃঙ্খলার আঁতুড়ঘর। মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ওপর এলোমেলোভাবে যানবাহন দাঁড়িয়ে থাকার কারণে অকালেই ঝরে যাচ্ছে তাজা প্রাণ, অথচ প্রশাসনিক তদারকি না থাকায় নীরব ভূমিকায় রয়েছে জেলা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।‎‎​ শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি চারা বটতলা এলাকায় এমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন রায়গঞ্জের কালিঞ্জা গ্রামের ঠাকুর হালদার (৬৮) এবং কামারখন্দের কুটিরচর গ্রামের অটোরিকশাচালক আশিক (৩৭)। দুর্ঘটনায় গুরুতর আহত ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদারকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।‎​স্থানীয়দের অভিযোগ, সিরাজগঞ্জ থেকে নলকা মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্পকারখানার গাড়ি দীর্ঘদিন ধরে রাস্তার ওপর অবৈধভাবে পার্কিং করে রাখা হয়। এসিআই কোম্পানির গোডাউনের সামনে দাঁড় করিয়ে রাখা তেমনই এক ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশাটি সজোরে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন মারা যান।‎​শুধু পার্কিং নয়, শহর থেকে নলকা পর্যন্ত সড়কের বড় অংশ দখল করে নিয়মিত গাড়ি ধোয়া এবং ঘরবাড়ির নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে পথচলা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর আগেও চন্ডীদাসগাতীতে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে দুজন এবং গ্যাস পাম্পের সামনে রাখা নির্মাণসামগ্রীর কারণে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল।‎​সড়কজুড়ে এমন অনিয়ম চোখে পড়লেও বিআরটিএ-র কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট। এ বিষয়ে সিরাজগঞ্জ বিআরটিএ-র সহকারী পরিচালক (ইঞ্জি.) আবু নাঈম জানান, অবৈধ পার্কিং ও মালামাল রাখার বিষয়ে আমার জানা নেই। জায়গাগুলো চিহ্নিত করে তথ্য দিলে আগামী মিটিংয়ে বিষয়টি তোলা হবে।‎​ঘটনার পর নিহতদের পরিবার মরদেহ নিয়ে গেছে এবং এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ হয়নি বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তবে স্থানীয়দের দাবি, বিআরটিএ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃশ্যমান নজরদারি ও নিয়মিত অভিযান না থাকলে এই সড়কে প্রাণহানি বন্ধ করা সম্ভব নয়।

The post সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের মহোৎসব: বিআরটিএ-র নিষ্ক্রিয়তায় ঝরল দুই প্রাণ‎ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ