সিরাজগঞ্জের সোনাকান্ত বিল ছেয়ে গেছে পদ্মফুলে
১৫ আগস্ট, ২০২৬ এ ১:২০ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সোনাকান্ত বিলে দুই বছর পর আবারও ব্যাপকভাবে ফুটেছে পদ্মফুল। গোলাপি ও লাল পদ্মে ছেয়ে যাওয়া বিলটি দেখতে প্রতিদিন সেখানে ভিড় করছেন দর্শনার্থী, পদ্মপ্রেমী ও স্থানীয় মানুষ। প্রচুর বৃষ্টিতে বিল পানিতে পূর্ণ হওয়ায় এবার পদ্মফুলের সমারোহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পদ্মে ছেয়ে থাকা সোনাকান্ত বিলের অবস্থান উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে। ব্যক্তিমালিকানাধীন প্রায় ৪৫ থেকে ৫০ বিঘা নিচু জমি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে বিলের রূপ নেয়। এসব জমিতে বছরে একবার ইরি-বোরো ধানের আবাদ হয়। বাকি সময় জমিগুলো পানির নিচে থাকে। বিলের জমির মালিক সড়াতৈল, আমডাঙ্গা, অলিপুর ও বাগদা গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ২০২২ সালেও এ বিলে কিছু পদ্মফুল ফুটেছিল, তবে এবারের মতো এত বেশি ছিল না। ২০২৩ সালে বন্যা না হওয়ায় পদ্মও খুব একটা ফোটেনি। তার ভাষ্য, এবার বন্যা না হলেও টানা বৃষ্টিতে বিল পুরোপুরি পানিতে ভরে যাওয়ায় পদ্মফুলও অনেক বেশি ফুটেছে।
সড়াতৈল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার জানান, শুরুতে প্রাকৃতিকভাবে বিলে দু-একটি পদ্মগাছ জন্ম নিয়েছিল। পরে ধীরে ধীরে তা পুরো জলাশয়ে ছড়িয়ে পড়ে। তার মতে, ২০১৪ সাল থেকে সোনাকান্ত বিলে উল্লেখযোগ্যভাবে পদ্মফুল ফোটা শুরু হয়। যে বছর পানি বা বন্যা কম হয়, সে বছর ফুলও তুলনামূলক কম দেখা যায়। এবার প্রচুর বৃষ্টির কারণে বিলে পানি জমায় পদ্মের সমারোহ তৈরি হয়েছে।
বিলের এই মৌসুমি সৌন্দর্য স্থানীয় কিছু অস্বচ্ছল পরিবারের শিশু-কিশোরদের আয়ের সুযোগও তৈরি করেছে। গ্রামের সাজু ও রিতা জানায়, তারা বিলে নেমে পদ্মফুল তুলে হাটবাজার ও দর্শনার্থীদের কাছে বিক্রি করে। প্রতিটি ফুল ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হয় এবং ক্রেতাও পাওয়া যাচ্ছে। একইভাবে তামিম ও সোহেল নামে আরও দুই শিশু জানায়, পদ্মগাছের কাঁটার আঘাত সহ্য করেই তারা প্রতিদিন ফুল তোলে। এসব ফুল বিক্রি করে তাদের দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আয় হয়। শ্রাবণ ও ভাদ্র—এই দুই মাস তারা ফুল তুলতে পারে। তাদের দাবি, বিলের জমির মালিকেরা কখনোই এতে বাধা দেন না।
পদ্মফুল দেখতে প্রতিদিনই মানুষ বিলে আসছেন বলে জানান সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম। তবে তিনি বলেন, উলিপুর-সড়াতৈল আঞ্চলিক সড়ক থেকে বিলটির দূরত্ব আধা কিলোমিটারের কিছু বেশি হলেও সেখানে যাওয়ার ভালো রাস্তা নেই। দর্শনার্থীদের মেঠোপথ ধরে বিলপাড়ে যেতে হয়। বৃষ্টির দিনে এই পথ চলাচলের জন্য বেশ দুর্ভোগ তৈরি করে।
সিরাজগঞ্জ শহর থেকে সোনাকান্ত বিলে ঘুরতে আসা সুমাইয়া খাতুন, সাদিয়া, রাব্বি ও মোস্তাক বলেন, চারদিকে সারি সারি গোলাপি ও লাল পদ্মফুল, তার ফাঁকে পানির ওপর ভাসমান সবুজ পাতা—সব মিলিয়ে দৃশ্যটি খুবই আকর্ষণীয়। তাদের ভাষ্য, এখানে এলে শহরের কোলাহল থেকে দূরে অন্যরকম শান্ত পরিবেশের অনুভূতি পাওয়া যায়। তবে ভালো রাস্তা ও নৌকার ব্যবস্থা না থাকায় ভোগান্তিও পোহাতে হচ্ছে। দর্শনার্থীদের কেউ কেউ বলেন, একসময় বাংলার বিভিন্ন বিল-জলাশয়ে পদ্মফুল সহজেই দেখা যেত, কিন্তু এখন জলাশয় ভরাট হয়ে যাওয়ায় এ ফুল ক্রমেই কমে যাচ্ছে।
বিলের জমির মালিকদের মধ্যে বাগদা গ্রামের নজরুল ইসলাম ও আমডাঙ্গা গ্রামের সামসুল হক বলেন, বর্ষা এলেই বহু বছর ধরে এই বিলে পদ্মফুল ফোটে। পুরো বিলজুড়ে সারি সারি পদ্মফুল ফুটলে এর সৌন্দর্য ভিন্ন মাত্রা পায়। তাদের ভাষায়, পানির ওপর ভাসমান পদ্মপাতা দূর থেকে সবুজ গালিচার মতো মনে হয়।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, পদ্ম একটি জলজ উদ্ভিদ। বিভিন্ন পাখির মাধ্যমে এর বীজ এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়ে। পরে সেই বীজ থেকে গাছ জন্ম নিয়ে ধীরে ধীরে বিস্তৃত হয়। তিনি জানান, সোনাকান্ত বিলে এবার প্রচুর পদ্মফুল ফুটেছে এবং তিনি নিজেও বিলটি পরিদর্শন করেছেন। তার মতে, সাময়িক সময়ের জন্য হলেও পদ্মফুলে সেজে সোনাকান্ত বিল এখন এ অঞ্চলের মানুষের কাছে একটি নান্দনিক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।
সূত্র: The Daily Ittefaq
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৫ আগস্ট, ২০২৬ এ ২:২১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাটোরের বাউয়েট ক্যাম্পাসে প্রকৌশল গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
১৫ আগস্ট, ২০২৬ এ ১২:২২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল : সাধারণ সম্পাদক পদে চার হেভিওয়েট, আলোচনায় রাশেদুল হাসান রঞ্জন
১৫ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
গনতন্ত্রের আপোষহীন নেত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে মির্জা মোস্তফা জামানের শ্রদ্ধা ও শুভেচ্ছা
১৫ আগস্ট, ২০২৬ এ ৮:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:২৫ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ধানবান্ধী দক্ষিণ ডোবাপাড়া আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন বিদুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
১৫ আগস্ট, ২০২৬ এ ৫:১২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
