শাহজাদপুর সংবাদ

নাটোরের বাউয়েট ক্যাম্পাসে প্রকৌশল গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

১৫ আগস্ট, ২০২৬ এ ১২:২২ PM

নাটোরের বাউয়েট ক্যাম্পাসে প্রকৌশল গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি : নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ২ দিনব্যাপী প্রকৌশল গবেষণা ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গতকাল শেষ হয়েছে।

শুক্রবার রাতে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের কার্যক্রম শুরু করেছে। সরকার প্রয়োজনে যে কোন গবেষণা এবং গবেষণার প্রয়োগিক ব্যাপারে পৃষ্টপোষকতা করবে।

এই সম্মেলনে উপস্থাপিত গবেষণাপত্র থেকে প্রয়োজনে আমরা ধারণাগুলো গ্রহণ করে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

প্রতিমন্ত্রী তরুণদের জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ ব্যবহার করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান বলেন, এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

পাশাপাশি দেশী-বিদেশী গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে আন্ত:বিষয়ক গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ আরো জোরদার হবে। বাংলাদেশের আন্তর্জাতিক প্রকৌশল গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় এই সম্মেলন একটি মাইলফলক হয়ে থাকবে।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা।

এছাড়া বক্তব্য রাখেন সম্মেলনের সাধারণ সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বুয়েটের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ এবং কারিগরি কর্মসূচির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী বুয়েটের একই বিভাগের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন এন্ড সিস্টেম অন্তর্ভূক্ত ১৮টি দেশের ১০৯টি বিশ্ববিদ্যালয়ের বাছাইকৃত ৩২৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

The post নাটোরের বাউয়েট ক্যাম্পাসে প্রকৌশল গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ