শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল : সাধারণ সম্পাদক পদে চার হেভিওয়েট, আলোচনায় রাশেদুল হাসান রঞ্জন

১৫ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ AM

সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল : সাধারণ সম্পাদক পদে চার হেভিওয়েট, আলোচনায় রাশেদুল হাসান রঞ্জন

মোঃ জুবায়ের হোসাইন,স্টাফ রিপোর্টার :

সিরাজগঞ্জ জেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে একাধিক হেভিওয়েট নেতার নাম আলোচনায় থাকায় গুরুত্বপূর্ণ এ পদে শেষ পর্যন্ত কে নির্বাচিত হচ্ছেন—তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে।

আলোচনায় থাকা নেতাদের মধ্যে অন্যতম রাশেদুল হাসান রঞ্জন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে দীর্ঘ প্রায় ১২ বছর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন কাউন্সিলে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

রাশেদুল হাসান রঞ্জনের রাজনৈতিক জীবনে রয়েছে দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন। তার দাবি, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখায় তাকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার ও কারাবরণ করতে হয়েছে। ওয়ান-ইলেভেনের সময় থেকে আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরে ২১ বার কারাগারে যেতে হয়েছে এবং দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

ছাত্ররাজনীতিতেও রঞ্জনের রয়েছে দীর্ঘ সাংগঠনিক পথচলা। সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে তিনি এজিএস ও জিএস নির্বাচিত হন। পরবর্তীতে জেলা ছাত্রদলের কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দীর্ঘ সময় সংগঠনটির নেতৃত্ব দেন।

নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে রাশেদুল হাসান রঞ্জন বলেন, “জীবনে কোনোদিন কমিটি-বাণিজ্য বা চাঁদাবাজি করিনি। দলের বাইরে কোনো মামলা খাইনি। প্রায় দুইশত মামলা মোকাবিলা করেছি এবং দীর্ঘদিন জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি।”

এদিকে রঞ্জনের সহধর্মিণী কাকলিকে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। রঞ্জনের দাবি, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রাশেদুল হাসান রঞ্জনের স্ত্রী হওয়ার কারণেই কাকলিকে কোনো নোটিশ ছাড়াই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

অন্যদিকে ‘সিরাজগঞ্জ টিভি’ পেজে রাশেদুল হাসান রঞ্জনকে নিয়ে প্রকাশিত একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। ওই সংবাদে প্রকাশিত কমেন্টে অনেক নেতাকর্মী তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাওয়ার মতামত জানিয়েছেন। তাদের মন্তব্যে রঞ্জনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

সাধারণ সম্পাদক পদে রাশেদুল হাসান রঞ্জন ছাড়াও আরও তিনজন হেভিওয়েট নেতার নাম আলোচনায় রয়েছে। ফলে আসন্ন কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে।

এখন সবার নজর আসন্ন কাউন্সিলের দিকে। তৃণমূলের আস্থা, সাংগঠনিক দক্ষতা ও কাউন্সিলরদের ভোটে শেষ পর্যন্ত কে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন—সেদিকেই তাকিয়ে দলের নেতাকর্মীরা।

The post সিরাজগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল : সাধারণ সম্পাদক পদে চার হেভিওয়েট, আলোচনায় রাশেদুল হাসান রঞ্জন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ