সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ; পুনর্বাসনে সরকারের উদ্যোগ
৪ নভেম্বর, ২০২৬ এ ১০:১৯ AM

অন্ধকার থেকে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জে আত্মসমর্পণ করেছেন চরমপন্থি দলের ৬৫ সদস্য। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অস্ত্র আর সংঘাতের জীবন থেকে পরিবারের কাছে ফিরলেন তারা। সামাজিকভাবে এই চরমপন্থিদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার।
জীবনের একটা বড় সময় কেটেছে অন্ধকারে। ছিল অনিশ্চয়তা, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট কিংবা স্বজন হারানোর বেদনা। আর পুরো সময়টা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের আতঙ্ক। সেই অনিশ্চিত-অনিরাপদ জীবন থেকে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়ে আত্মসমর্পণ করেছেন ৬৫ চরমপন্থি সদস্য। সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ এর সদর দপ্তরে আত্মসমর্পণ করেন তারা। তাদের মধ্যে সিরাজগঞ্জের ৭, রাজবাড়ীর ১৩ এবং পাবনা জেলার ৪৫ জন। আত্মসমর্পণের মধ্য দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে পরিবার ও সমাজে ফিরে যাওয়ার প্রত্যাশা তাদের।
আত্মসমর্পণকারী চরমপন্থি দলের সদস্যরা জানান, সরকার তাদের একটি সুযোগ দিয়েছে এতে তারা খুশি। এখন তারা পরিবারের সাথে দেখা করতে পারছেন নিশ্চিন্তে।
অপরাধের পথ থেকে ফিরে আসার এই সিদ্ধান্ত তাদের কাছে শুধু আত্মসমর্পণ নয়, বরং নতুন করে জীবন শুরু করার প্রত্যয়। তবে নতুন জীবনের এই পথ সহজ নয়। জীবিকার ব্যবস্থা, সামাজিক গ্রহণযোগ্যতা আর পরিবারের দায়িত্ব পালনে প্রয়োজন সহযোগিতা। আর সেই বাস্তবতা বিবেচনায় আত্মসমর্পণকারীদের সহায়তার কথা জানিয়েছেন এসআরবি প্রধান।
এসআরবি মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেন, ‘প্রায় ৯২ থেকে ৯৫ ভাগ মানুষ কিন্তু এই আমাদের দেয়া পথ, আমাদের প্রদর্শিত পথ—ব্যক্তিগুলোর দ্বারা আলোর পথে আছেন, ভালোর পথে আছেন। সেজন্য আমি আশা করব আপনারা আলোর পথে থাকবেন, ভালোর পথে থাকবেন। অনেক কষ্ট হবে আপনাদের, অনেক চ্যালেঞ্জ আসবে আপনাদের, অনেক প্রলোভন আসবে আপনাদেরকে। শুধু আপনারা শুধু একবার ভাববেন যে, আমি ১৫ বছর আমার জীবনটা কেমন ছিল। আমি যদি মাটি কেটেও খেতে পারি, তাও আমি আমার মায়ের সাথে থাকতে পারব, আমার পরিবারের সাথে থাকতে পারব।’
সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ সৃষ্টি এবং পুনর্বাসনে ইতিবাচক অবস্থানের কথা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। তার মতে, অপরাধের পথ থেকে ফিরে আসা মানুষদের সামাজিকভাবে পুনর্বাসিত করা গেলে কমতে পারে অপরাধপ্রবণতা।
সমাজকল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, ‘যদি চলে আসে, আমরা তাদেরেকে নতুন একটি জীবন দিতে চাই। সরকার পক্ষ থেকে সরকার আগ্রহী বিষয়টি নিয়ে। যেহেতু আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ে রয়েছি, আমরা পুনর্বাসন করি বিভিন্ন সেক্টরের মানুষকে এবং আমরা চাই যে তাদের এই এই সেক্টরগুলোর দায়িত্ব আমরা যেন নিতে পারি। কিছু মামলা, যেমন—রেপ, মার্ডার এবং আর্সেন—এই তিনটি ধরনের মামলা বাদে যদি কারো কোনো মামলা থেকে থাকে, সে সকল মামলার বিষয়ে আমরা আইনিভাবে তাদেরকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন, সেটা করব।’
নতুন জীবনের এই যাত্রায় তাদের প্রত্যাশা, অতীতের ভুল পেছনে ফেলে ভবিষ্যৎ গড়ার সুযোগ। এর আগে ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনায় ৫৯৬ জন এবং ২০২৩ সালের ২১ মে সিরাজগঞ্জে সাত জেলার ৩২৩ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন।
সূত্র: এখন টিভি
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
৪ নভেম্বর, ২০২৬ এ ১:৪৭ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থিদের থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৮ PM · এখন টিভি
শীতের সবজিতে সম্ভাবনার হাতছানি, কৃষকের চিন্তা বাজারদর
৪ নভেম্বর, ২০২৬ এ ১:১৭ PM · Ajker Patrika
সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
অতিথি পাখির আগমনে অপরূপ চলনবিল, অবাধ বিচরণে বাধা নিরাপত্তাহীনতা
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৮ AM · Rupali Bangladesh
