শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

৪ নভেম্বর, ২০২৬ এ ১:০৩ PM

সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

মোঃ হোসেন আলী (ছোট্ট) :শিক্ষার্থীদের মেধা বিকাশ, লেখাপড়ায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে সিরাজগঞ্জের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ অক্টোবর ২০২৫) সিরাজগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল।অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর উপাধ্যক্ষের স্বাগত বক্তব্য, শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের বক্তব্য শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্বে কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ মহীদুল হাসান বলেন, সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বরাবরই ভালো ফলাফল করে আসছে। আশা করি, আগামী দিনেও তারা আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ পুরস্কার বিতরণীর আয়োজন প্রশংসনীয়। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং শিক্ষাঙ্গনে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমান বলেন, প্রকৃত অর্থে শিক্ষা হলো আচরণের ইতিবাচক পরিবর্তন। শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করছে কি না, তা দেখলেই হবে না; তারা সত্যিকার অর্থে আদর্শ ও মানবিক মানুষ হয়ে গড়ে উঠছে কি না, সেদিকেও শিক্ষক ও অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার দেবনাথ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার মোঃ সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মোঃ মহব্বত হোসেন সরকার, উপদেষ্টা মোঃ ছাব্বির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শুভ মিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।উল্লেখ্য, সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে শিক্ষা সফর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নামাজ শিক্ষা, সংস্কৃতিচর্চাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে শীতকালীন ও গ্রীষ্মকালীন পৃথক দৃষ্টিনন্দন ইউনিফর্ম।

The post সিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ