শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ১৫০ মিটার জরাজীর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩২ AM

সিরাজগঞ্জে ১৫০ মিটার জরাজীর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম

ছাম্মি আহমেদ আজমীর :সিরাজগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সরকারি সালেহা ইসহাক উচ্চ বালিকা বিদ্যালয় উত্তর পাশে ও ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের পশ্চিম পাশের দীর্ঘদিনের জরাজীর্ণ প্রায় ১৫০ মিটার সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

উদ্বোধনকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে। কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশের সড়কগুলো ভালো রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার পৌর প্রশাসক শাহাদাত হুসেইন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,এশা তাসকিন ঠিকাদার লুৎফর রহমান ভূঁইয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় এলাকাবাসী মো: আকরাম হোসেন তালুকদার বলেন,সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হলে সরকারি সাহেলা ইসহাক উচ্চ বালিকা বিদ্যালয় ও ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ আশপাশের এলাকার মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে।

উল্লেখ্য : সড়ক নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮ লাখ টাকা। নির্মাণকাজ বাস্তবায়ন করছে সিরাজগঞ্জ পৌরসভা।সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও পথচারীদের চলাচলে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। নতুন করে সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

The post সিরাজগঞ্জে ১৫০ মিটার জরাজীর্ণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ