শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ১, চালক আটক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৫ PM

সিরাজগঞ্জে লরি-পিকআপ সংঘর্ষে নিহত ১, চালক আটক

সিরাজগঞ্জ সদর উপজেলার বলিদহে তেলবাহী লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে টুটুল শেখ (৬০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক পলাশ মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুটুল শেখ ছোনগাছা ইউনিয়নের বলিদহ গ্রামের মৃত গুসবার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টুটুল শেখ রাস্তার পাশে ঘাস কাটছিলেন। এ সময় ছোনগাছা বাজারের দিক থেকে আসা একটি তেলবাহী লরির সঙ্গে দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি টুটুল শেখকে চাপা দিয়ে রাস্তার নিচে চলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় টুটুল শেখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় টুটুল শেখ নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক পলাশ মিয়াকে আটক করা হয়েছে। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র: Daily Times Of Bangladesh

সম্পর্কিত সংবাদ