সিরাজগঞ্জে রোহিঙ্গা শরণার্থীকে নাগরিক সনদ প্রদান, চেয়ারম্যানকে অপসারণ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৫১ PM

সিরাজগঞ্জে রোহিঙ্গা শরণার্থীকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ দেয়ার অভিযোগে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলীকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব বিষ্ণুপদ পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলী বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও রোহিঙ্গা নারী মোছা. রোকেয়া বেগমকে নাগরিকত্ব সনদ প্রদান করেন।
এ ঘটনায় ২০২৫ সালের ২০ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই দিনে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে লিয়াকত আলীর দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় আইন অনুযায়ী তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে।
কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ড. বিপাশা হোসাইন জানান, উচ্চ আদালত থেকে প্যানেল চেয়ারম্যান-১ লিয়াকত আলীর পদ বহালের বিষয়ে আবারও চার মাসের সময় বাড়ানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। তবে মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতে পারবেন না।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৫ আগস্ট রোকেয়া বেগম ও তার স্বামী মো. আনিছ ভুয়া কাগজপত্র নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে গেলে কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়ার টেংখালী ক্যাম্প-১২-এর জি-৪ ব্লকের রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করেন।
ওই দিন বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ রোকেয়া ও তার স্বামী আনিছকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০১ AM · দৈনিক ইনকিলাব
সলঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে সেতুর অভাবে ৬০ বছর দুর্ভোগে ৫০ হাজার মানুষ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৭ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে ডাইং কারখানার বর্জ্যে ২৭ মাস ধরে জলাবদ্ধতা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ PM · সময়ের কণ্ঠস্বর
ভদ্রঘাট পালপাড়ায় তুমুল ব্যস্ততা, লাভের মুখ দেখছেন না কারিগরেরা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ PM · Ajker Patrika
সিরাজগঞ্জে যমুনার ভাঙন, তিন মাসে বিলীন শত শত বাড়িঘর
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM · bhorerdarpan.com
