শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে যমুনার ভাঙন, তিন মাসে বিলীন শত শত বাড়িঘর

২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৪ PM

সিরাজগঞ্জে যমুনার ভাঙন, তিন মাসে বিলীন শত শত বাড়িঘর

সিরাজগঞ্জ প্রতিনিধি: পানি কমা-বাড়ার সঙ্গে সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন তীব্র হয়েছে। গত তিন মাসে শাহজাদপুর, চৌহালী ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় শত শত বাড়িঘর ও বিঘার পর বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাজার, মসজিদ-মাদ্রাসা ও বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা।

শাহজাদপুরের সোনাতনী ইউনিয়নের কুরসি ও ধীতপুর গ্রামে দুই শতাধিক বাড়িঘর এবং প্রায় দুই হাজার বিঘা আবাদি জমি বিলীন হয়েছে বলে স্থানীয়দের দাবি। ভাঙন অব্যাহত রয়েছে শ্রীপুর, বারপাখিয়া, মোহনপুর ও হাতকোড়া এলাকাতেও। ভাঙন রোধে কুরসি বাজারে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত ইয়াসিন মোল্লা বলেন, ভাঙনে তার আট বিঘা জমি নদীতে চলে গেছে। ধীতপুরের আছিয়া খাতুন জানান, বাড়িঘর হারিয়ে পলিথিনের ছাউনিতে থাকতে হচ্ছে। চৌহালীর চরসলিমাবাদ, খাসকাউলিয়া ও জোতপাড়া এবং কাজিপুরের নাটুয়ারপাড়া ও চরগিরিশেও ভাঙন চলছে। স্থানীয়দের দাবি, গত শুক্রবার জোতপাড়ায় এক দিনেই প্রায় ৩০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সারমিন বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণও দেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, চরাঞ্চলের ভাঙন রোধে বর্তমানে কোনো সরকারি প্রকল্প বা বরাদ্দ নেই। তবে গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়লে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: bhorerdarpan.com

সম্পর্কিত সংবাদ