সিরাজগঞ্জে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন
১৯ আগস্ট, ২০২৬ এ ৫:৫২ AM

সিরাজগঞ্জে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা এবং বিদিরপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান, রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। ২০২১ সালের ৪ অক্টোবর র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে র্যাব সদস্যরা তল্লাশি অভিযান চালান।
একপর্যায়ে একটি ট্রাক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে সেটিকে আটক করেন। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর র্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।
সূত্র: Barta Bazar
সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় আহত নাঈমের সন্তানকে হাসপাতালে দেখতে গেলেন যুবদল নেতা রাকিব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সাইদুর রহমান বাচ্চুর শারীরিক খোঁজ নিতে রাজনৈতিক সহকারীকে হাসপাতালে পাঠালেন প্রধানমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে প্রথম আলোর জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৪৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
‘তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন’: ইকবাল হাসান মাহমুদ টুকু
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৮ AM · এইমাত্র
ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৭ AM · Zoom Bangla News
