শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৮ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৭ AM

সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট : ভোক্তাদের অধিকার সুরক্ষা, ভেজাল পণ্য বিক্রি প্রতিরোধ এবং আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “আজকের এই সেমিনারটি একটি সচেতনতামূলক সেমিনার। আমরা সকলেই ভোক্তা। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নের মাধ্যমেই ভোক্তাদের অধিকার রক্ষা করা সম্ভব হবে।”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্যই আজকের এ আয়োজন। ভবিষ্যতে তারাই কোনো না কোনোভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। তাই এ আইন সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে চলার মানসিকতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম, ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারিত করার মতো বিষয়গুলো তুলে ধরা হয়। এসব অনিয়মের বিরুদ্ধে আইনি প্রতিকার গ্রহণের পদ্ধতি সম্পর্কেও আলোচনা করা হয়।সেমিনারে বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন। পাশাপাশি ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং কোনো অনিয়মের শিকার হলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে হবে।এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

The post সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ