চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২৪ AM

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পরে থানায় লিখিত অভিযোগ করেন ইউনিয়নটির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সরোয়ার হোসেন আকন্দ (৫১)।
অভিযুক্ত সিরাজুল ইসলাম তোতা (৫৬) রায়গঞ্জ থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি এবং সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ওসমান আলীর ছেলে।
অভিযোগে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় এক লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দে একটি কালভার্ট নির্মাণ করেন ইউপি সদস্য সরোয়ার হোসেন। অভিযোগ অনুযায়ী, প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা দাবি করেন তোতা। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে গিয়ে সরোয়ারকে গালিগালাজ করেন তিনি।
একপর্যায়ে টাকা দাবি নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে তোতা সরোয়ারকে কিল-ঘুষি মারেন এবং এলোপাতাড়ি আঘাত করেন। পরে স্থানীয়দের সহায়তায় রক্ষা পেলেও তাকে ঘাড় ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন আকন্দ বলেন, নিজের টাকা খরচ করে তিনি কালভার্ট নির্মাণের কাজ শেষ করেছেন। তার অভিযোগ, ৫০ হাজার টাকা না দেওয়ায় প্রকল্পের বিল আটকে রাখা হয়েছে। পরিষদের সচিব চেক প্রস্তুত করে রাখলেও ওই টাকা না দেওয়া পর্যন্ত চেক না দিতে বলা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার চান সরোয়ার।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন সিরাজুল ইসলাম তোতা। তিনি বলেন, ইউনিয়ন পরিষদে ওই ইউপি সদস্যের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা সমাধানের দায়িত্ব স্থানীয় বিএনপির নেতারা নিয়েছেন। বিষয়টি মীমাংসা হয়ে যাবে।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, ঘটনাটি তার সামনেই ঘটেছে। বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।
রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী বলেন, ইউনিয়ন পরিষদের ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ সদরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · nagorik tv
নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
পুলিশে কনস্টেবল নিয়োগে পরীক্ষার ধাপগুলো কী কী, দেখুন তারিখ, সময়সহ বিস্তারিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ৭:০০ AM · প্রথম আলো
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
২৮ অক্টোবর, ২০২৬ এ ৬:৫৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মামুন ৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের বাবা কিন্তু কি ভাবে
২৮ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৭ AM · Daily Nabochatona
সিরাজগঞ্জ মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল, পাশেই পুলিশের টহল
২৮ অক্টোবর, ২০২৬ এ ১:৫৬ AM · Barta Bazar
