শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর শুভ ঊদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৭ PM

সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর শুভ ঊদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

মোঃ হোসেন আলী ছোট্ট :

ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল রোববার (৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত ‘সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

রোববার(৮ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিরাজগঞ্জ সদর একাদশ ও উল্লাপাড়া একাদশ। মাঠে দুই দলের লড়াই দেখতে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এছাড়া টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

আয়োজক সূত্রে জানা গেছে, জেলার ফুটবল প্রতিভা বিকাশ, তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটবে এবং নতুন খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আয়োজকরা। একই সঙ্গে প্রতিটি দলকে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে মাঠে নামার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে গড়াতে যাওয়া এ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনে এখন নতুন উদ্দীপনা। জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটি দর্শকদের আনন্দ দেবে এবং জেলার ফুটবল ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

The post সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর শুভ ঊদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ