শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের মতবিনিময় সভা

১৫ আগস্ট, ২০২৬ এ ৬:৪০ PM

সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের মতবিনিময় সভা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশিং কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশিং কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং পুলিশিং কার্যক্রমে তাঁর সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব মনোভাব বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভা শেষে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান সহ জেলার সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিরাজগঞ্জ জেলা পুলিশ জেলার নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

The post সিরাজগঞ্জে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ে জেলা পুলিশের মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ