শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৮ হাজার টাকা জরিমানা

১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:০২ PM

সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের মূল্য, সরবরাহ ও ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির বিষয়টি তদারকিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে এক ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার এসএস রোড, বড় বাজার, বানিয়াপট্টি ও খলিফাপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে বিদেশি শিশু খাদ্যের আমদানি-সংক্রান্ত তথ্য যথাযথভাবে না থাকা, নিত্যপণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স আলাউদ্দিন স্টোরের মালিক/ম্যানেজার মো. মাসুমকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্য ও তথ্য সঠিকভাবে প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।অভিযানের সময় বিভিন্ন বাজারে ডিম, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ক্রেতাদের সঙ্গে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।জনস্বার্থে নিত্যপণ্যের বাজারে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তর।

The post সিরাজগঞ্জে নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৮ হাজার টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ