শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে নাগরিক সেবা বৃদ্ধিতে বর্জ্য সংগ্রহে অত্যাধুনিক ড্রাম ট্রাক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

১৪ আগস্ট, ২০২৬ এ ১০:০১ PM

সিরাজগঞ্জে নাগরিক সেবা বৃদ্ধিতে বর্জ্য সংগ্রহে অত্যাধুনিক ড্রাম ট্রাক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

মোঃ হোসেন আলী ছোট্ট:

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের নতুন ড্রাম ট্রাকের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় সিরাজগঞ্জ পৌরসভা আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা এবং সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক শাহাদাত হুসেইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে তিনি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের নতুন ড্রাম ট্রাক চালিয়ে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মো. মকবুল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সুইট এবং সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এই শহরে আমার জন্মভূমি। আমি এই শহরকে ভালোবাসি। এই শহরকে আমি ফুলের বাগানে পরিণত করতে চাই। সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাই।”

তিনি পৌর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, “আপনারা পৌরসভা থেকে যে বেতন পান, সেটুকু হালাল করে নেবেন। আপনারা যদি সঠিকভাবে নিজেদের কাজ করেন, তাহলে পৌরসভার চেহারা পাল্টে যাবে।”

শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন গাড়ি পৌরসভায় দেওয়া হয়েছে। এসব গাড়ির যথাযথ যত্ন নেওয়ার জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, পৌরসভার সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন করা যাবে না। পৌরসভার সব নাগরিক সমান এবং সবাই সমান সেবা পাওয়ার দাবিদার।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য মন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরা হয়। ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয়।

অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ পৌরসভার বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করতে নতুন ড্রাম ট্রাক উদ্বোধন করা হয়।

The post সিরাজগঞ্জে নাগরিক সেবা বৃদ্ধিতে বর্জ্য সংগ্রহে অত্যাধুনিক ড্রাম ট্রাক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ