শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ডিম,সবজি ও সুপারশপে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান : ১০ হাজার টাকা জরিমানা

১৫ আগস্ট, ২০২৬ এ ৬:১৭ PM

সিরাজগঞ্জে ডিম,সবজি ও সুপারশপে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান : ১০ হাজার টাকা জরিমানা

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন বাজারে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচাসবজি, সুপারশপসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার শহিদগঞ্জ বাজার, বাহিরগোলা বাজার, চৌরাস্তা বাজার ও গোশালা বাজারে এ অভিযান পরিচালিত হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিম, কাঁচাসবজি ও সুপারশপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং ভোজ্যতেলের মোড়কে প্রয়োজনীয় লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের বিষয় তদারকি করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ ডিমের আড়তের মালিক মো. হাবিবুর রহমানকে ২ হাজার টাকা, মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স অ্যান্ড ডিমের আড়তের মালিক মো. রুবেল হোসেনকে ৩ হাজার টাকা এবং সুপারশপ এফ এম বাজারের মালিক/প্রতিনিধি মো. পারভেজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ডিম, কাঁচামরিচ, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

The post সিরাজগঞ্জে ডিম,সবজি ও সুপারশপে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান : ১০ হাজার টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ