সিরাজগঞ্জে এনসিপি নেতা মাহিনের বাড়ির সামনে পেট্রল ঢেলে আগুন
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:২৮ PM

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারের গ্রামের বাড়ির প্রবেশপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে। তবে পুলিশের ভাষ্য, পেট্রলবোমা নয়, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। বাড়িতে ছিলেন তাঁর অসুস্থ বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যরা।
মাহিনের পরিবারের দাবি, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে বাড়ির সামনে একটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে বাড়ির প্রবেশপথে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির দিকে ছোড়া হলেও সেটি প্রবেশপথেই বিস্ফোরিত হয়। এতে কোনো ক্ষতি হয়নি।
ঘটনার পর রাতেই মাহিন সরকার ফেসবুকে লিখেছেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে আসছিল আমার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজ রাত সাড়ে ৯টায় আমার বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, পেট্রলবোমা নিক্ষেপ করার মতো কোনো ঘটনা ঘটেনি। তাঁর ভাষ্য, পেট্রল ঢেলে আগুন জ্বালানো হয়েছিল। কে বা কারা এই নাশকতা ঘটিয়েছে, তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
ওসি মোক্তারুজ্জামান জানান, ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত হিসেবে সেখান থেকে পেট্রল বহন করা ছোট একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। কোনো কাচের টুকরা বা পেট্রলবোমার অন্য আলামত পাওয়া যায়নি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মানবতার সেবায় ও ভালোবাসার আলো ছড়াচ্ছে শহিদগঞ্জ বন্ধু কনসোর্টিয়ামে ফ্রি চক্ষু সেবা
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:০২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
দয়া-অনুগ্রহ নয়, জনগণের সেবা করার সুযোগ চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মৃদুল
২০ নভেম্বর, ২০২৬ এ ১১:০৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তারেক রহমানের ৬২তম জন্মদিন: সংগ্রাম থেকে নেতৃত্বের এক দীর্ঘ অধ্যায়
২০ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে সিটি ব্যাংক
২০ নভেম্বর, ২০২৬ এ ৪:১১ AM · বাংলা ট্রিবিউন
