শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২৬ অক্টোবর, ২০২৬ এ ৭:০০ PM

সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট : দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের পবিত্র কোরআনুল কারীমের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর শহরের আল মাহমুদ এভিনিউয়ের হোসেনপুরে প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এন্ড নূরাণী স্কুল ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোঃ আব্দুল লতিফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। আধুনিক শিক্ষার পাশাপাশি সন্তানদের হৃদয়ে কোরআনের আলো, আল্লাহর ভয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। শুধু ভালো ফলাফল কিংবা উচ্চশিক্ষা অর্জন করলেই আদর্শ মানুষ হওয়া যায় না; বরং কোরআনের শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র কোরআন শেখা ও শেখানোর মর্যাদা অপরিসীম। অভিভাবকদের উচিত সন্তানদের দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহিত করা এবং তাদের নৈতিক চরিত্র গঠনে সচেতন ভূমিকা পালন করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, চৌহালী উপজেলার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক এস. এম. নাজিম মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নতুন নাগরিক প্রজন্মের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মোঃ আবু হানিফ এবং হোসেনপুর বায়তুল আল আকসা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আকরাম হোসাইন।

এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোঃ হোসেন আলী ছোট্টসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিয়া সরকারি কলেজের সাবেক শিক্ষক ও প্রতিষ্ঠানের অন্যতম সদস্য মোঃ মোক্তার হোসেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের পবিত্র কোরআনুল কারীমের পাঠ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। পাশাপাশি দ্বীনি শিক্ষার গুরুত্ব, শিশুদের নৈতিক বিকাশ এবং সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

The post সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআনের ছবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত | শাহজাদপুর সংবাদ