শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জ কওমী জুট মিল চালুর সিদ্ধান্তে সাইদুর রহমান বাচ্চুর কৃতজ্ঞতা প্রকাশ

১৩ আগস্ট, ২০২৬ এ ৪:৫৩ PM

সিরাজগঞ্জ কওমী জুট মিল চালুর সিদ্ধান্তে সাইদুর রহমান বাচ্চুর কৃতজ্ঞতা প্রকাশ

আশরাফুল খান: দীর্ঘদিন বন্ধ থাকা সিরাজগঞ্জ কওমী জুট মিল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, দীর্ঘদিন সিরাজগঞ্জ কওমী জুট মিল বন্ধ থাকায় মিলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ সিরাজগঞ্জের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েন।

এর নেতিবাচক প্রভাব পড়ে রিকশা-ভ্যান, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন পেশার মানুষের ওপরও। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিরাজগঞ্জের অসংখ্য পরিবার আর্থিক সংকট ও দুর্ভোগের মধ্যে পড়ে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ মিলটি পুনরায় চালুর দাবিতে সাইদুর রহমান বাচ্চু বিভিন্ন সময়ে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে মানববন্ধন ও কর্মসূচি পালন করেন।

তিনি সিরাজগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ও শ্রমিকদের দুর্দশার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরেন। সিরাজগঞ্জের কৃতী সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মাধ্যমে বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপনের পাশাপাশি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সিরাজগঞ্জ কওমী জুট মিল পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিক-কর্মচারী ও সিরাজগঞ্জবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ কওমী জুট মিল চালুর সিদ্ধান্ত শুধু একটি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সিদ্ধান্ত নয়; এটি হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবনে নতুন আশার আলো সৃষ্টি করবে। মিলটি চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং সিরাজগঞ্জের অর্থনীতিতে নতুন গতি আসবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে সিরাজগঞ্জ কওমী জুট মিল পূর্ণাঙ্গভাবে উৎপাদনে ফিরবে এবং দীর্ঘদিন কর্মহীন থাকা শ্রমিক-কর্মচারীরা আবারও তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। সিরাজগঞ্জের হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাইদুর রহমান বাচ্চু প্রধানমন্ত্রী তারেক রহমানও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সূত্র: প্রতিদিনের কাগজ

সম্পর্কিত সংবাদ