শাহজাদপুর সংবাদ

শুরু থেকে শেষ: এশিয়ান গেমসে যেভাবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

১ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৯ AM

শুরু থেকে শেষ: এশিয়ান গেমসে যেভাবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে দুই দলের ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গিয়েছিল। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় তারা সেমিফাইনালে। তবে আজকের ম্যাচটা হওয়ার কথা। গতকাল রোদ ঝলমলে আবহাওয়াতে অনুশীলন করেছে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাসেও এতটা বৃষ্টি নেই।

ছেলেদের ক্রিকেট ইভেন্টে কোয়ার্টার ফাইনালে চার ম্যাচই বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আইচি–নাগোয়ায় টানা বৃষ্টি ছিল কয়েকদিন। তবে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের প্রেস অ্যাটাচে এম এম কায়সার আমাদের জানালেন, আজ বেশ রোদ ঝলমলে আবহাওয়া। কিন্তু এখনও টসটা হয়নি! আউটফিল্ড একটু ভেজা। তাতে দুশ্চিন্তার কিছু নেই। ম্যাচ আজ হওয়ার হবে।

ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা।

এখনও বলার মতো তেমন কিছু নেই। আউটফিল্ড ভেজা, এ কারণেই এখনও টসটা হচ্ছে না। তবে আকাশ রোদ ঝলমল করছে। দুই দলের ক্রিকেটাররা ওয়ার্মআপও শুরু করেছেন।

কিন্তু খুব বেশিক্ষণ ম্যাচটা পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ এই মাঠেই বাংলাদেশ সময় দুপুর দুইটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ বেশি পিছিয়ে গেলে সেটাতেও প্রভাব ফেলবে।

বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আবার মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা। শেষ পর্যন্ত যদি খেলা না হয় (সেই সম্ভাবনা আজ অনেক কম), তাহলে কিন্তু র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় রোববারের ফাইনালে উঠে যাবে পাকিস্তান।

আম্পায়ারদের পর্যবেক্ষণের পর ভালো খবরটা পাওয়া গেল। ম্যাচ হচ্ছে। টস হয়ে যাবে বাংলাদেশ সময় ৬টা ৫৫ মিনিটে, ম্যাচ শুরু হবে সোয়া সাতটায়। খেলা হবে ১৩ ওভারের!

টস জিতেছে পাকিস্তান। তারা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ শুরুতে ব্যাট করবে।

এই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন স্পিনাররা। বাংলাদেশের একাদশ দেখেও তেমনই মনে হচ্ছে। দুজন পেসারের সঙ্গে সেখানে আছেন অলরাউন্ডার মোসাদ্দেকসহ ৪ স্পিনার।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

উইকেটে ফাটলটা স্পষ্টই বোঝা যাচ্ছে। ব্যাটিং করাটা কঠিনই তাই। বাংলাদেশের দুই ওপেনারও প্রথম ওভারের ৫ বল থেকে ৩ রান নিতে পেরেছিলেন। কিন্তু শেষ বলে সাইফ হাসান ছক্কা মেরেছেন। আহমেদ দানিয়েলের শর্ট বল পুল করতে গিয়েছিলেন, কিন্তু ঠিকঠাক ব্যাটে না লাগলেও বল বাউন্ডারি পার করেছে।

প্রথম ওভারে এসেছে ১০ রান।

আউট হয়ে গেলেন ওপেনার তানজিদ হাসান। প্রথম উইকেট হারাল বাংলাদেশ। এক বল আগেই তিনি ছক্কা মেরেছিলেন। কিন্তু এবার আরাফাত মিনহাসের বল তুলে মারতে গিয়ে তানজিদ ক্যাচ দিয়েছেন মিড অফে।

বাংলাদেশ : ২ ওভারে ১৯/১

তানজিদ আউট হওয়ার পর সাইফের সঙ্গী হয়েছিলেন লিটন দাস। কিন্তু তাঁর ইনিংসটা স্থায়ী হলো কেবল তিন বল। সাইম আইয়ুবের বলে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন, কিন্তু তাঁর ক্যারম বল মিস করে হয়ে গেছেন বোল্ড।

বাংলাদেশ: ৩ ওভারে ২১/২

তৃতীয় উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ। পারভেজ হোসেনও আউট হয়ে গেছেন ক্যাচ দিয়ে। ওয়াসিম জুনিয়রের বলে স্লগ সুইপ করতে গিয়ে তিনি ডিপ স্কয়ারে ক্যাচ দিয়েছেন। তিন উইকেট হারিয়ে ফেলে বিপদেই আছে বাংলাদেশ।

বাংলাদেশ: ৩ ওভারে ২৩/৩

এমন একটা ওভারের অপেক্ষাতেই বোধ হয় ছিল বাংলাদেশ। আবরার আহমেদের ষষ্ঠ ওভার থেকে দুই ছক্কায় ১৫ রান তুলেছে তারা। প্রথমটা সাইফ হাসান মেরেছেন লং অনের উপর দিয়ে, পরেরটা তাওহিদ হৃদয় মিড উইকেটের।

বাংলাদেশ: ৬ ওভারে ৪৩/৩

আউট হয়ে গেলেন সাইফ হাসান। তাঁর কাজটা যদিও মন্দ করেননি। ১৭ বলে সাইফের ব্যাট থেকে এসেছে ১৯ রান। দুটি ছক্কাও মেরেছেন। সুফিয়ান মুকিমের বলে এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফিরছেন সাইফ। ১০ বলে ১১ রানে এখন অপরাজিত তাওহিদ হৃদয়।

বাংলাদেশ: ৭ ওভারে ৪৫/৪

উইকেটে ফাটল আছে। বল কখন কোনদিকে ঘুরছে তা বোঝাও মুশকিল। কিন্তু তাওহিদ হৃদয় যেন তা নিয়ে মাথাই ঘামাচ্ছেন না। একের পর এক বাউন্ডারি আসছে তাঁর ব্যাট থেকে। ১৮ বলের ইনিংসে ৩০ রান করেছেন, ৩ ছক্কার সঙ্গে ১ চার মেরেছেন। তাঁর সঙ্গে ১৩ বলে ৯ রান করে অপরাজিত আছেন মোসাদ্দেক।

বাংলাদেশ: ১০.৩ ওভারে ৭৮/৪

এবার আর ছক্কা হলো না। বাউন্ডারির কাছে ক্যাচটা ধরে ফেলেছেন সাইম আইয়ুব। কিন্তু তাতে কী! নিজের কাজটা ঠিকঠাক করে দিয়ে গেছেন হৃদয়। তাঁর দুর্দান্ত ইনিংসেই বাংলাদেশ বড় রানের ভিত পেয়েছে। ২৫ বলে ৪৫ রান করে ফিরেছেন তিনি। তাঁর ফেরার এক বল পর আউট মোসাদ্দেকও— ১৬ বলে তিনি করেছেন ১১ রান।

বাংলাদেশ: ১২ ওভারে ১০৩/৬

১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রানে থামল বাংলাদেশ।

সাইফ হাসানই ভালো শুরুর একটা আভাস দিয়ে গিয়েছিলেন। কিন্তু আসল কাজটা করেছেন তাওহিদ হৃদয়। তাঁর দুর্দান্ত ইনিংসে ভর করেই এক শ পার করেছে বাংলাদেশ। শেষদিকে দুই চারে মেহেদী হাসানের ৪ বলে অপরাজিত ৮ রানের ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল।

এখন দায়িত্বটা বোলারদের কাঁধে। আরও নির্দিষ্ট করে বললে, স্পিনারদের।

প্রথম ওভারেই উইকেট পেল বাংলাদেশ। মেহেদীর বলে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাহিবজাদা ফারহান। দ্বিতীয় ওভারেও উইকেট পেয়েছে বাংলাদেশ। এই ওভারের প্রথম ৪ বলে দুই বাউন্ডারি এনেছিলেন মাজ সাদাকাত। কিন্তু নাসুমের পঞ্চম বলে তিনিও ক্যাচ দিয়েছেন। বল হাতেও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছে।

পাকিস্তান: ২ ওভারে ১৭/২

পরপর দুই বলে ছক্কা, পরের বলেও চার। প্রথম তিন বলে সাইম আইয়ুমের বিরুদ্ধে অসহায়ই লাগছিল মোস্তাফিজুর রহমানকে। কিন্তু শেষ হাসিটা হেসেছেন তিনিই। তাঁর ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়েছেন ১২ বলে ২১ রান করা সাইম।

পাকিস্তান : ৪.৩ ওভারে ৪৪/৩। ৫০ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ৬৮ রান।

ইনিংসের আর ৫ ওভার বাকি। পাকিস্তানের জয়ের জন্য দরকার ৪৪ রান। আরেকটু কঠিনই ছিল কাজটা তাদের জন্য। কিন্তু অষ্টম ওভারে শেষ তিন বলে নাসুমকে দুই ছক্কা মেরে সমীকরণটা একটু সহজ করেছেন হাসান নাওয়াজ।

মোস্তাফিজের ওভারটাই বোধ হয় ম্যাচ থেকে বাংলাদেশকে ছিটকে দিল! দ্বিতীয় বলে ছক্কা মেরে শুরু হয়েছিল, এরপর এসেছে টান চার বাউন্ডারি। আব্দুল সামাদ একরকম ঝড়ই বইয়ে দিয়েছেন। এক ওভারেই ২৩ রান নিয়ে কাজটা সহজ হয়ে গেছে পাকিস্তানের। এখন ৩ ওভারে ১৩ রান দরকার তাদের।

এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। ছেলেদের ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেট হেরে গেছে তারা। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ।

বোলিংয়েও অনেকটা সময় নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। কিন্তু দশম ওভার করতে এসে ৫ বাউন্ডারিতে ২৩ রান হজম করেন মোস্তাফিজ, দুই ওভারে তিনি দেন ৪১ রান। সেখানেই বাংলাদেশের আশা শেষ হয়ে যায়। আব্দুল সামাদের ১৫ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংসে ৯ বল আগেই জয় পেয়ে গেছে পাকিস্তান।

এবারের এশিয়ান গেমস বাংলাদেশের একমাত্র প্রাপ্তি উশুতে পাওয়া ব্রোঞ্জ। আগামী রোববার ছেলেদের ক্রিকেটে ব্রোঞ্জ জেতার লড়াইয়ে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালে ভারত–শ্রীলঙ্কা ম্যাচের হেরে যাওয়া দল।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ