রাজশাহী পর্বের রঙিন সূচনা, কিশোরীদের উৎসাহ দিলেন শিউলি আজিম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM

রোদঝলমলে সকালে উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে পর্দা উঠল দেশব্যাপী আয়োজিত নারী ফুটবল টুর্নামেন্টের রাজশাহী আঞ্চলিক পর্বের। প্রথম আলোর উদ্যোগে এবং স্টার নিউজের পৃষ্ঠপোষণায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখর হয়ে ওঠে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গণ। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা করা হয়।
টুর্নামেন্ট কমিটির সদস্য এবং প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন ক্রীড়াঙ্গন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
ঢাকা থেকে সকালেই এসে পৌঁছান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার শিউলি আজিম, যিনি মাঠের খেলোয়াড়দের করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক নাবিল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এগ্রি বিজনেসের সিওও আনিসউল্লাহ মাহবুব হাসান, চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ শহিদুল আলম এবং হেড অব মার্কেটিং আক্তারুজ্জামান।
স্থানীয় ক্রীড়া সংগঠকদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাম্মেল হক এবং প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাকসুর ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় নার্গিস খাতুন এবং জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় (২০০৪-২০১০) রাজশাহীর মেয়ে মাহফুজা খাতুন নীলা।
জাতীয় দলের তারকা ডিফেন্ডার শিউলি আজিম তাঁর বক্তব্যে বলেন, ‘আমি স্টার নিউজ ও প্রথম আলোর এই উদ্যোগকে স্বাগত জানাই। কারণ, এর মাধ্যমে আমরা আমাদের পাইপলাইন আরও শক্তিশালী করতে পারব। দেখা যায়, অনেক শিক্ষার্থী থাকে যারা পড়াশোনায় খুব আগ্রহী নয়, তারা স্কুল টুর্নামেন্টগুলো খেলতে পারে না। একাডেমি কাপ হওয়ায় খেলোয়াড়দের কোনো পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের বাধ্যবাধকতা থাকে না, ফলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারছে।’
শিউলি মেয়েদের উৎসাহিত করে বলেন, ‘আমরা আশা করি, এর মাধ্যমে আরও নতুন নতুন প্রতিভা উঠে আসবে এবং আমরা যে বিশ্বকাপের স্বপ্ন দেখি, এই টুর্নামেন্টগুলোর মাধ্যমেই সেই প্রতিভাগুলোকে খুঁজে পাব।’
নাবিল গ্রুপের আনিসউল্লাহ মাহবুব হাসান বলেন, ‘আজকের এই স্টার নিউজ ও প্রথম আলো আয়োজিত নতুন প্রতিভা অন্বেষণের কিশোরী ফুটবল টুর্নামেন্টের আয়োজক এবং উপস্থিত সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে, বিশেষ করে খাদ্যনিরাপত্তা ও কৃষি সেক্টরে যেভাবে এগিয়ে এসেছে এবং ভূমিকা রাখছে, তা সত্যি অতুলনীয়।’
আনিসউল্লাহ আরও বলেন, ‘ক্রীড়াক্ষেত্রে নাবিল গ্রুপের যে অবদান রয়েছে, তা ভবিষ্যতে এসব টুর্নামেন্টের মাধ্যমে আরও দীর্ঘায়িত হবে। আমরা আশা করি, অদূর ভবিষ্যতে ছোটদের ও বড়দের ফুটবল, ক্রিকেট, টেনিসসহ সব সেক্টরে নাবিল গ্রুপের সক্রিয় উপস্থিতি থাকবে।’
প্রথম আলোর পক্ষে আবুল কালাম মুহম্মদ আজাদ শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো ৩৬টি নারী ফুটবল একাডেমিকে নিয়ে দেশব্যাপী এই বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই যারা সহযোগিতা করেছেন—স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং রাজশাহীর সব ক্রীড়ামোদী মানুষকে, যাদের প্রেরণা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না।’
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোহাম্মদ মোজাম্মেল হক এমন আয়োজন নিয়ে প্রকাশ করলেন উচ্ছ্বাস, ‘এ ধরনের টুর্নামেন্ট জেলা স্টেডিয়ামে আয়োজন করতে পেরে আমরা জেলা ক্রীড়া সংস্থা গর্ব বোধ করছি। আগামী দিনে এই টুর্নামেন্ট আরও সফলভাবে ও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।’
উদ্বোধনের পর দিনের প্রথম ম্যাচে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি ৪–০ গোলে হারায় জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমিকে। এই জয়ে আঞ্চলিক ফাইনালে উঠল রক্সি ফুটবল একাডেমি।
দ্বিতীয় ম্যাচে খেলবে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমি ও রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমি। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে বেলা তিনটায় আঞ্চলিক ফাইনাল খেলবে রক্সি ফুটবল একাডেমি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
৭০ সেকেন্ডে ইতিহাস গড়া ইয়ামাল শুধু ব্যালন ডি’অর জিততে খেলেন না
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · প্রথম আলো
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · বাংলা ট্রিবিউন
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২০ PM · বাংলা ট্রিবিউন
