বাংলাদেশের বিপক্ষে সিরিজে কাদের দলে রাখল অস্ট্রেলিয়া
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৭ AM

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী ৯ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুরু হবে তিন ম্যাচের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ সিরিজ।
একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। গত জুলাইয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতার পর এটাই অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম সিরিজ।
বাংলাদেশের মেয়েদের বিপক্ষে এই সিরিজের পর অস্ট্রেলিয়ার একই দল নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে। ১৮ অক্টোবর সিডনিতে শুরু হবে সেই সিরিজ।
দুটি সিরিজেই অস্ট্রেলিয়ার অধিনায়ক বিশ্বকাপজয়ী সোফি মোলিনু। তবে হিপের চোট থেকে মাত্রই সেরে ওঠায় বাংলাদেশ সিরিজে তাঁকে নিয়ে বাড়তি সতর্ক থাকবে অস্ট্রেলিয়ার মেডিক্যাল ও কোচিং স্টাফরা।
ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশ সিরিজে মোলিনুকে খেলাবে না অস্ট্রেলিয়া। তাই এই সিরিজে নেতৃত্ব দেবেন তাহলিয়া ম্যাকগ্রা। মোলিনুকে নিউজিল্যান্ড সিরিজে পাওয়া যাবে বলে ধারণা করছে অস্ট্রেলিয়া।
চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার তরুণ পেসার লুসি হ্যামিল্টন। কোয়াড ইনজুরিতে ভুগছেন তিনি। আর পিঠের চোটের কারণে দলে জায়গা হয়নি আরেক পেসার ডার্সি ব্রাউনের।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার নির্বাচক শাউন ফ্লেগলার। বিশেষ করে আগামী বছরের আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বাংলাদেশের বোলিং আক্রমণকে ভালো পরীক্ষা হিসেবে দেখছেন তিনি, ‘বাংলাদেশ খুব ভালো পরীক্ষা হবে, বিশেষ করে তাদের বোলিং আক্রমণের কারণে। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কন্ডিশনের কথা মাথায় রেখে আমাদের ব্যাটারদের উপমহাদেশীয় ধরনের বোলিংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা অর্জনেরও দারুণ সুযোগ এটি।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
রাজশাহী পর্বের রঙিন সূচনা, কিশোরীদের উৎসাহ দিলেন শিউলি আজিম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
৭০ সেকেন্ডে ইতিহাস গড়া ইয়ামাল শুধু ব্যালন ডি’অর জিততে খেলেন না
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM · প্রথম আলো
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · বাংলা ট্রিবিউন
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২০ PM · বাংলা ট্রিবিউন
