৭০ সেকেন্ডে ইতিহাস গড়া ইয়ামাল শুধু ব্যালন ডি’অর জিততে খেলেন না
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৬ AM

ওয়েম্বলিতে আগের ম্যাচে ইংল্যান্ডের জালে স্পেন গোল করেছিল ১০৪ সেকেন্ডে। সেভিয়ায় গতকাল রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম গোল করতে বিশ্ব চ্যাম্পিয়নদের সময় লেগেছে আরও কম—৭০ সেকেন্ড। তবে গোলদাতা সেই একই ব্যক্তি: লামিনে ইয়ামাল। আর ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটি ইয়ামালের ক্যারিয়ারে দ্রুততম।
বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে এটাই ছিল স্পেনের প্রথম ম্যাচ। সেখানে ক্রোয়াটদের জালে ইয়ামালের ওই প্রথম গোলটির কল্যাণে দারুণ এক রেকর্ড গড়ে স্পেন। তাদের জাতীয় দলের ১০৬ বছরের ইতিহাসে টানা দুই ম্যাচে প্রথম দুই মিনিটের মধ্যে গোল করার ঘটনা এই প্রথম। পরে ৬৩ মিনিটে আরও ১টি গোল করেন ইয়ামাল। স্পেনের হয়ে ৩৫ ম্যাচে তাঁর গোল ১০টি। তবে এই গোলগুলোর মধ্যে ক্রোয়েশিয়ার জালে ইয়ামালের প্রথম গোলের মহিমা একটু অন্য রকম। ৭০ সেকেন্ডে করা সেই গোলে মোট ২৫ পাস খেলেছে স্পেন, ক্রোয়েশিয়া তখনো বলই ছুঁতে পারেনি!
ইয়ামালের পরের গোলটির জন্য ক্রোয়েশিয়া গোলকিপার দমিনিক লিভাকোভিচ দুষতে পারেন তাঁর বার্সায় যোগ দেওয়ার সিদ্ধান্তকে। গত আগস্টে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই ইয়ামালের সঙ্গে অনুশীলন করছেন লিভাকোভিচ। তাতে ক্রোয়াট এই গোলকিপারের শক্তি, দুর্বলতা এবং সাধারণত কোন দিকে ডাইভ দেন—সেসবের সবকিছুই জেনে গেছেন ইয়ামাল। সেভিয়ায় সেটারই সুযোগ নিয়েছেন এই স্পেন তারকা।
ডান প্রান্ত দিয়ে ঢুকে কোনাকুনি শটে লিভাকোভিচকে পরাস্ত করেন ইয়ামাল। ক্রোয়েশিয়ার গোলকিপারের বাঁ দিকে পোস্টের মাঝে জায়গা খুব কম ছিল। ইয়ামাল সেদিক দিয়েই শট নিয়ে গোল করেন। এর কারণটা ম্যাচ শেষে ইয়ামাল জানিয়েছেন নিজেই, ‘অনুশীলন থেকেই তো তাকে জানি। (শট নেওয়ার সময়) অনুশীলনের কথা ভেবেছি, সে কীভাবে কী করে এবং বলটা জালে ঢুকে গেল।’
নেশনস লিগের এ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–১ গোলে হারিয়ে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে প্রথম দল হিসেবে টানা ৪০ ম্যাচে অপরাজিত রইল স্পেন। ১৯ বছর বয়সী ইয়ামাল যে ছোট হয়েও তাতে বড় অবদান রাখছেন, সেই প্রমাণ দিচ্ছে গতকাল রাতের ম্যাচের পরিসংখ্যানই। ২টি গোল করার পাশাপাশি মার্ক পুবিলকে দিয়ে ১টি গোল করান। স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ২ গোল এবং ১টি অ্যাসিস্ট করলেন ১৯ বছর ৭৮ দিন বয়সী ইয়ামাল। আগের রেকর্ডটি ছিল রাউল গঞ্জালেসের (২১ বছর ২৭৩ দিন)।
ইয়ামাল এবার ব্যালন ডি’অর জয়েও বড় দাবিদার। আগামী ২৬ অক্টোবর লন্ডনে বর্ষসেরার সেই অনুষ্ঠানে ট্রফি জিততে পারবেন কি না, তা সময় হলেই জানা যাবে। এরই মধ্যে ব্যালন ডি’অর বিজয়ী নির্ধারণে ভোটাভুটিও শেষ হয়েছে। ইয়ামাল এত দিন ব্যালন ডি’অর জয়ের পক্ষে বেশ সরব থাকলেও গতকাল রাতে মিক্সড জোনে শোনা গেল একটু অন্য রকম সুর। স্পেন উইঙ্গার শুধু ব্যালন ডি’অর জয়ের জন্য খেলেন না!
শুনুন ইয়ামালের মুখেই, ‘আমি শুধু ব্যালন ডি’অরের জন্য খেলি না; আমি খেলি নিজের জন্য, সমর্থকদের জন্য, আগামী মৌসুমের জন্য, জাতীয় দল এবং জয়ের জন্য।’
গত মৌসুমে বার্সেলোনাকে লা লিগা জেতানোর পথে ইয়ামাল ২৪ গোল ও ১৭ অ্যাসিস্টে অবদান রেখেছেন ৪১টি গোলে। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপ জয়ের পদকও আছে তাঁর গলায়। সব মিলিয়ে এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে ইয়ামালের বেশ ভালোভাবেই টিকে থাকার কথা। প্রশ্ন হলো স্পেন তারকা নিজে কি তা বিশ্বাস করেন? উত্তরটা শুনুন ইয়ামালের কাছ থেকেই, ‘আমি জানি না, আমি তো ভোট দিই না আর কে জিতবে, তা–ও জানি না। আমি কিছুই জানি না। আমাকে শুধু অপেক্ষা করতে হবে এবং খেলা চালিয়ে যেতে হবে।’
খেলা চালিয়ে যাওয়ার এই পথে ইয়ামালের সাম্প্রতিক ফর্মটা একবার দেখুন—ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বশেষ ৮ ম্যাচে তাঁর অবদান ১৮ গোলে। ১১ গোল ও ৭ অ্যাসিস্ট। চোখধাঁধানো এ পারফরম্যান্সে ইয়ামাল আসলে কী বার্তা দিচ্ছেন, সেটা বুঝিয়ে দিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
স্পেনের টিভি চ্যানেলে ‘টিভিই’কে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘লামিনে বিশ্বকে দেখাতে চায় সে ঠিক কী ধরনের খেলোয়াড়...(গতকাল রাতে) আজ আমরা আবারও (তার) জাদুকরি পারফরম্যান্স দেখলাম। সে দলের স্বার্থে এসব করে। আমরা ভাগ্যবান যে তাকে পেয়েছি।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
রাজশাহী পর্বের রঙিন সূচনা, কিশোরীদের উৎসাহ দিলেন শিউলি আজিম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · বাংলা ট্রিবিউন
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২০ PM · বাংলা ট্রিবিউন
