শাহজাদপুর সংবাদ

ভক্ত মাঠে ঢুকতেই বাবরের ধাক্কা, ছুড়ে ফেললেন আরেক ভক্তের ফোন

১ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ AM

ভক্ত মাঠে ঢুকতেই বাবরের ধাক্কা, ছুড়ে ফেললেন আরেক ভক্তের ফোন

ব্যাটে রান নেই। ব্যাটিং টেকনিক নিয়েও নানা সমালোচনার মধ্যে আছেন বাবর আজম। এরই মধ্যে মাঠের বাইরের এক ঘটনায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক।

ঘটনাটি ঘটেছে গতকাল ইসলামাবাদে। ডায়মন্ড ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এর চতুর্থ রাউন্ডের ম্যাচে অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে খেলছিলেন বাবর। তাঁর দলের ফিল্ডিংয়ের সময় কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠে ঢুকে পড়া এক ভক্তকে বাবর ধাক্কা দেন। পরে আরেক ভক্তের ফোন নিয়ে সেটি ছুড়ে ফেলতেও দেখা যায় তাঁকে।

এ ছাড়া আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ও বাবরকে ঘিরে ধরেন কয়েকজন দর্শক। ছবি ও সেলফি তুলতে তাঁরা মাঠের ভেতরে ঢুকে পড়েন। মুহূর্তেই তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। পরে মাঠকর্মীরা হস্তক্ষেপ করে বাবরকে ডাগআউটে নিয়ে যান। এই পরিস্থিতিতে বাবরকে শান্তই থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, খেলার মধ্যেই কয়েকজন ভক্ত মাঠে ঢুকে পড়েন। তাঁদের কারণে বাবরকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়।

এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বাবরের আচরণের সমালোচনা করেছেন। অন্যরা নিরাপত্তাবেষ্টনী ভেঙে দর্শকদের মাঠে ঢোকার বিষয়টি তুলে ধরে বাবরের পক্ষ নিয়েছেন।

ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

সাত বছর পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন বাবর। ম্যাচে স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) বিপক্ষে ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানির হয়ে চার নম্বরে ব্যাট করেন। ৩৯ বল খেলে ২১ রান করেন বাবর। আফাক আফ্রিদির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

এর আগে তৃতীয় রাউন্ডের ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাবর। সেই ম্যাচে ১২ ও ৪ রান করে আউট হন।

টেস্ট ক্রিকেটেও দীর্ঘদিন সেঞ্চুরি নেই বাবরের। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে ১৬১ রান করার পর আর তিন অঙ্কের দেখা পাননি।

২০২৩ সাল থেকে টেস্টে ৩৯ ইনিংসে বাবরের ব্যাটিং গড় ৩০.৪৩। তাঁর ক্যারিয়ার গড়ের চেয়ে যা ১২.৫৫ রান কম। খারাপ সময়ের মধ্যে যোগ হলো নতুন ঘটনা।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ