মেসিকে ছাড়া আর্জেন্টিনা কীভাবে খেলবে জানালেন স্কালোনি
১ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৭ AM

আর্জেন্টাইন ফুটবলে লিওনেল মেসির অবসর ঘোষণা–পরবর্তী সময়ে প্রথম ম্যাচ। সেখানে ৪–০ গোলের বড় জয়। বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম মাঠে নেমেই এমন জয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির খুশিই হওয়ার কথা। বিশেষ করে মেসির অনুপস্থিতিতে খেলোয়াড়েরা যেভাবে নিজেদের দায়িত্ব পালন করেছেন, তাতে সন্তুষ্ট স্কালোনি।
মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে চিরাচরিত ঢঙে খেলানোর চ্যালেঞ্জ ছিল স্কালোনির সামনে। নিকো পাজ, এজেকুয়েল পালাসিওসরা কিংবদন্তির অভাব বুঝতেই দেননি। অবশ্য প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে ৭৭তম বলিভিয়া হওয়ায় এই প্রীতি ম্যাচে লাওতারো মার্তিনেজদের চ্যালেঞ্জও খুব একটা টের পাওয়ার কথা নয়। কিন্তু পাজ–মার্তিনেজরা যেভাবে খেলেছেন, তাতে সংবাদ সম্মেলনে সন্তুষ্টি ঝরে পড়ল স্কালোনির কণ্ঠে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর খেলোয়াড়দের সঙ্গে পুনর্মিলনীতে কী কথা হয়েছিল, সেসব নিয়েও কথা বলেন এই কোচ।
মেসি–পরবর্তী সময়ে খেলা নিয়ে স্কালোনি সবার আগে বলেছেন, রোজারিও কিংবদন্তির ‘বিকল্প নেই’। তাঁকে ছাড়ার খেলার চ্যালেঞ্জটা কোচ ব্যাখ্যা করলেন এভাবে, ‘একই কৌশল বজায় রেখে, বল দেওয়া-নেওয়া ও নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলার একটা উপায় আমরা ঠিকই বের করব...এটাই আমাদের পরিচিতি, যা দলে কে আছে বা কে নেই, তার চেয়ে অনেক বড়।’
স্কালোনি এরপর বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হলো, একই পদ্ধতিতে খেলা চালিয়ে যাওয়া এবং নতুন যাঁরা দলে আসবেন, তাঁরা যেন বুঝতে পারেন আমরা এভাবেই খেলি। মূল ভাবনা বা দর্শনটা সব সময় একই থাকে, আর তা হলো বলের নিয়ন্ত্রণ। আর আমাদের চ্যালেঞ্জ হলো ঠিক ওই একই উপায়ে খেলা চালিয়ে যাওয়া।’
কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচে কোনো ব্যক্তিগত পারফরম্যান্স কি স্কালোনির মন কেড়েছে? নাম না বলে আর্জেন্টাইন কোচ পুরো দলের কথা বলেন। বিশেষ করে একটু বয়স্ক খেলোয়াড়দের প্রশংসা করেন স্কালোনি, ‘ছেলেরা জার্সির প্রতি সুবিচার করেই ম্যাচটি খেলেছে। প্রত্যেকেই নিজের সেরাটা দিতে চায়। আমি আনন্দিত, ফলের চেয়েও বড় কথা দলের একটি নিজস্ব পরিচিতি আছে এবং দলে যে-ই খেলুক না কেন, আমরা তা বজায় রাখব।’
পারফরম্যান্সের ব্যাখ্যায় স্কালোনি বলেন, ‘দল পরিণত মানসিকতায় ম্যাচটি খেলেছে। বিশেষ করে বেশ কিছুদিন ধরে দলের সঙ্গে থাকা খেলোয়াড়েরা যেভাবে দায়িত্ব পালন করেছে। এ জার্সির ইতিহাসের প্রতি সম্মান জানিয়ে এভাবেই খেলা উচিত। সবার পারফরম্যান্সই ভালো লেগেছে। আলাদা করে কারও নাম বলতে চাই না, বিশেষ করে অভিজ্ঞ খেলোয়াড়েরা যেভাবে ম্যাচটিকে নিয়েছে, তা প্রশংসনীয়। তারা চাইলে একটু ঢিলেঢালা থাকতে পারত, কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। তরুণ খেলোয়াড়দের জন্য বিষয়টি দেখা দারুণ ব্যাপার। আমার কিছু বলার চেয়ে তাদের সামনে এই উদাহরণ থাকাটা অনেক বেশি কার্যকর।’
বিশ্বকাপ ফাইনালের পর খেলোয়াড়দের সঙ্গে পুনর্মিলনী বৈঠক নিয়ে স্কালোনি বলেন, ‘ প্রথম বৈঠকে নিজের মতামত জানিয়েছি। কাতারের পর যে কথা বলেছিলাম, সেটির সঙ্গে অনেক মিল ছিল। তখন বলেছিলাম আমরা জিতেছি এবং সামনে এগিয়ে যেতে হবে। এবারও আমি একই কথা বলেছি। যে ফলগুলো চাইনি, তা যা-ই হোক না কেন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা লড়াই চালিয়ে যাব, তাতে গোল হোক বা না হোক।’
এবারের আন্তর্জাতিক বিরতিতে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো, এরপর আগামী বুধবার শেষ প্রতিপক্ষ বেনিন। জাতীয় দলের জার্সিতে বেনিন ম্যাচটাই হবে মেসির শেষ। এর আগে গত আগস্টে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেন মেসি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের বিপক্ষে হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’
১ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM · প্রথম আলো
ভক্ত মাঠে ঢুকতেই বাবরের ধাক্কা, ছুড়ে ফেললেন আরেক ভক্তের ফোন
১ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৭ AM · প্রথম আলো
শুরু থেকে শেষ: এশিয়ান গেমসে যেভাবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ
১ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৯ AM · প্রথম আলো
চোট পাওয়া রাফিনিয়াকে ভারত ম্যাচ থেকে বাদ দিল ব্রাজিল, দুশ্চিন্তায় বার্সা
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
রাজশাহী পর্বের রঙিন সূচনা, কিশোরীদের উৎসাহ দিলেন শিউলি আজিম
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
