শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

২৮ জুন, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুরে ৫ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

সিরাজগঞ্জের শাহজাদপুরে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাবাড়ি বালুর পয়েন্ট থেকে পিক‌আপ ভর্তি বিপুল পরিমাণ অবৈধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করে থানা পুলিশ।

রবিবার (২৮শে জুন) সকালে থানা চত্বরে ৫ লাখ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক মিজানুর রহমান সহ থানার পুলিশ সদস্যরা।

জানা যায়, গতকাল শনিবার গভীর রাতে উপজেলার বাঘাবাড়ি পশ্চিমপাড় হয়ে পিকআপ ভর্তি অবৈধ চায়না দোয়ার জাল পরিবহন করার সময় স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপ ও জাল জব্দ করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, আটকৃতর ২৮টি বস্তার ভেতরে ২২৪ পিস অবৈধ চায়না দোয়ার জাল ছিল। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, চায়না দোয়ার জাল উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গুরায় তৈরি করে জালগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। গত সপ্তাহেও পুলিশের আটককৃত বিপুল পরিমাণ চায়না দোয়ার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল।

মৎস্য সম্পদ রক্ষায় আমরা নিয়মিত উপজেলার বিভিন্ন নদনদীতে অভিযান চালিয়ে আসছি। দেশের মৎস্য সম্পদ রক্ষায় জনগণকে সচেতন হতে হবে, এগুলো দেখা মাত্রই আমাদের জানানোর অনুরোধ রইলো।

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ