শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে সাত সাংবাদিকের ওপর হামলা, তিন আসামি কারাগারে

২০ মার্চ, ২০২৫ এ ১:০০ PM

শাহজাদপুরে সাত সাংবাদিকের ওপর হামলা, তিন আসামি কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এই নির্দেশ দেন।

এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পান সাংবাদিকরা। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলেন তারা। এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ সাতজন সাংবাদিক আহত হন।

একই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

তিনি বলেন, রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

2026 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.

সূত্র: Protidiner Bangladesh

সম্পর্কিত সংবাদ