শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ

৩০ জুলাই, ২০২৬ এ ১:০০ PM

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা, চাঁদা দাবির অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক প্রবাসীর বাড়ি নির্মাণকাজে বাধা দেওয়া এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার সিঙ্গাপুর প্রবাসী মো. তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মো. দেরাজ প্রামাণিকের ছেলে। অভিযুক্তরা হলেন তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে—রোশনাই, আল মাহমুদ এবং আলম।

বুধবার (২৯ জুলাই) বিকেলে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তাঁরা অভিযোগ করে বলেন, বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় প্রতিবেশী আনসার প্রামাণিক ও তাঁর ছেলেরা বাধা দেন। এ সময় তাঁরা ওই জায়গার ওপর দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ির পূর্ব পাশের দেওয়াল ভেঙে তাঁদের রাস্তা দেওয়া হয়। কিন্তু এরপর বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তাঁরা আবারও বাধা দেন এবং গালিগালাজ করলে শ্রমিকরা ফিরে যান। বিষয়টি জানতে চাইলে ভুক্তভোগীদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় এবং অসুস্থ দেরাজ প্রামাণিককে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীরা আরও জানান, আনসার প্রামাণিক ও তাঁর ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চাচ্ছেন। অন্যথায় তাঁরা বাড়ি নির্মাণ করতে দেবেন না বলে হুমকি দেন। এ ছাড়া লোক মারফত তাঁদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং টাকা দিলে আর কোনো বাধা দেওয়া হবে না বলে জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আনসার প্রামাণিক ও তাঁর ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, “আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে, তাঁদের বাড়ি দিয়েও রাস্তা দেওয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেব না।”

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের বলেন, “এই সংক্রান্ত কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ