শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৪ PM

শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সকির মোল্লা, আলিম মোল্লা, মুসা মোল্লা ও তাদের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার চর কাদই গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর কাদই গ্রামের আমিন, হামিদ, রজব ও তারা নামের ব্যক্তিদের সঙ্গে প্রতিবেশী সকির মোল্লা, আলিম মোল্লা ও মুসা মোল্লাদের জায়গা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতে ১৯ বছর ধরে একটি মামলা চলমান রয়েছে। মোছা. হাসনা হেনা বাদী হয়ে মামলাটি করেন।

সম্প্রতি বিবাদী পক্ষের সকির মোল্লা, আলিম মোল্লা ও মুসা মোল্লার নেতৃত্বে বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। এ সময় মামলার বাদী মোছা. হাসনা খাতুন আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন। পরে শাহজাদপুর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক মো. শানু আকন্দ বিবাদী পক্ষকে কারণ দর্শানোর নোটিশের শুনানি না হওয়া পর্যন্ত স্টেটাস্কো প্রদান করেন।

বাদীপক্ষের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অভিযুক্তরা ক্ষমতা ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসী দিয়ে মারধরের ভয় দেখানো হচ্ছে। তাদের ভয়ে বর্তমানে তারা বাড়িছাড়া বলেও অভিযোগ করেন বাদীপক্ষ।

রোববার সরেজমিনে চর কাদই গ্রামে গিয়ে ভবন নির্মাণের কাজ চলতে দেখা যায়। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে অভিযুক্ত মুসা মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় স্টেটাস্কোর নোটিশ পেয়েছি। এ বিষয় নিয়ে আমার ভাই উকিলের কাছে গেছে।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেখানে কোনো ধরনের নির্মাণকাজ অবৈধ। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্র: সময়ের কণ্ঠস্বর

সম্পর্কিত সংবাদ