শাহজাদপুর সংবাদ

জনগণের সমস্যা সমাধানই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য :এমরান সালেহ প্রিন্স

৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০২ AM

জনগণের সমস্যা সমাধানই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য :এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের সমস্যা সমাধানই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। কংশ নদীর ভাঙন রোধের তীর প্রতিরক্ষা কাজ এরই প্রমাণ।

আগামী দিনে এই এলাকার রাস্তা, ব্রিজ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ক্লিনিকসহ জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়ায় কংশ নদীর ভাঙনরোধে তীর রক্ষা প্রকল্পের কাজ উদ্বোধন উপলক্ষে গ্রামবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, কংশ নদীর ভাঙনে শাকুয়াই ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ ছিল। নদী ভাঙনে রাস্তা, বসতভিটা, ফসলি জমি ও মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছিল। স্থানীয় মানুষের এই দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে আমি পানিসম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। এরপর আমার আবেদনের প্রেক্ষিতে তাদের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড শাকুয়াই এলাকায় নদীর তীর রক্ষায় এই প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় চলমান জ্বালানি সঙ্কটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি অপচয় করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জ্বালানি সমস্যা তীব্র করার পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন প্রিন্স।

উপজেলার ঘোনাপাড়ায় কংশ নদীর পাড়ে শাকুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বিএনপি নেতা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইউনুস আলী খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, আমতৈল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুর রহমান, বিএনপি নেতা আমজাদ হোসেন,সায়েদুল ইসলাম, মোতালেব হোসেন, উপজেলা যুবদল নেতা আবু নাসের, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম.আর আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।

The post জনগণের সমস্যা সমাধানই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য :এমরান সালেহ প্রিন্স appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ