শাহজাদপুর সংবাদ

বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৭ AM

বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ

মোঃ হোসেন আলী ছোট্ট :

‘এক শিশু, এক গাছ’ (One Child, One Tree) ও ‘সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় ও মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্টদের আয়োজনে এবং অ্যাডমিকি ফাউন্ডেশনের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১ হাজার ফলজ ও বনজ গাছের চারা এবং বিদ্যালয়ের পক্ষ থেকে আরও ৫০০টি চারা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান। তিনি বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ মাহবুব হাসান বলেন, “আজ তোমরা যে গাছটি পাবে, সেটিকে তোমাদের পোষা প্রাণীর মতো পরিবারের একজন সদস্য হিসেবে যত্ন করে বড় করে তুলবে। গাছ আমাদের নানাভাবে উপকার করে। গাছ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অক্সিজেন। অক্সিজেন কতটা মূল্যবান, তা আমরা করোনাকালীন সময়ে উপলব্ধি করেছি। সামান্য অক্সিজেনের অভাবে কত রোগী কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেছেন, তা আমরা নিজের চোখে দেখেছি।”

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ছাদসহ বিভিন্ন স্থানে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে মোট ভূমির অন্তত ২৫ শতাংশ বন বা গাছপালা থাকা প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না; নিয়মিত পরিচর্যা করে প্রতিটি গাছকে বাঁচিয়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, পরিবেশ রক্ষা, বাংলাদেশকে রক্ষা এবং দেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ বিএল স্কুলের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। এমন একটি সুন্দর ও মহৎ উদ্যোগের আয়োজন করায় আমি অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, “মহান আল্লাহ আজ আমাদের দুটি সুন্দর উপহার দিয়েছেন—একটি হলো বৃষ্টি, আর অন্যটি হলো সম্মানিত মেহমান। এত সুন্দর একটি আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, আমরা প্রতিনিয়ত গাছ কাটছি, কিন্তু সেই তুলনায় নতুন করে গাছ লাগাচ্ছি না। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে আমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের আগামী প্রজন্ম। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই বেশি বেশি গাছ লাগাই এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আবু হাসিম তালুকদার, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, অ্যাডমিকি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নাজমুল শাহাদাত, বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের দিবা শিফটের সহকারী শিক্ষক মোঃ মহসীন নূরী এবং প্রভাতী শাখার সহকারী শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার খান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুস ছালাম।

আয়োজকরা জানান, ‘এক শিশু, এক গাছ’ উদ্যোগের মাধ্যমে শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সবুজায়ন বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

The post বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার ৫০০ গাছের চারা বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ