শাহজাদপুর সংবাদ

লিপস্টিক সূচকের দিন শেষ, এবার নজর রাখুন স্পা সূচকে

২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:১২ PM

লিপস্টিক সূচকের দিন শেষ, এবার নজর রাখুন স্পা সূচকে

পঁচিশ বছর আগে, প্রসাধনসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্টে লডারের তৎকালীন চেয়ারম্যান লিওনার্ড এ. লডার একটি বিষয় লক্ষ করেন। তিনি এর নাম দেন ‘লিপস্টিক ইফেক্ট’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। বিশ্ব অর্থনীতিও বড় ধাক্কা খায়। লডার লক্ষ করেন, উদ্বিগ্ন নারী ক্রেতারা খাবার থেকে শুরু করে ভ্রমণ—নানা খাতে খরচ কমাচ্ছেন। কিন্তু মন ভালো করার জন্য ছোট ও তুলনামূলক সস্তা একটি পণ্য কিনছেন বেশি, লিপস্টিক। বিশ্লেষকেরা তখন ধারণা করেছিলেন, ‘লিপস্টিক ইনডেক্স’ বা লিপস্টিক বিক্রির হিসাব দিয়ে অর্থনীতিতে মন্দার পূর্বাভাস পাওয়া যেতে পারে।অর্থনীতি ভালো থাকলে নারীরা খাটো স্কার্ট পরতে পছন্দ করেন। কেন্দ্রীয় ব্যাংকার, ফেডের সাবেক চেয়্যারম্যান অ্যালান গ্রিনস্প্যান জনপ্রিয় করেছিলেন আরেকটি ধারণা, অর্থনৈতিক মন্দার সময় পুরুষদের অন্তর্বাসের বিক্রি দ্রুত কমে যায়।

২০২৭ সালে বিশ্ব আবারও অনিশ্চিত ও হতাশাজনক পরিস্থিতির মুখে পড়তে পারে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতে পারে। জ্বালানির বাজারে অস্থিরতার কারণে মূল্যস্ফীতি বাড়ছে। এদিকে প্রযুক্তি নিয়ে কাজ করা মানুষেরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দৈনন্দিন অনেক কাজের জায়গা নিতে পারে। কঠিন সময়ে মানুষ এখনো মন ভালো করার মতো কিছু খোঁজে। তবে তারা যে জিনিসের দিকে হাত বাড়াচ্ছে, তা বদলে যাচ্ছে।

বছরের পর বছর বিশেষজ্ঞেরা অর্থনীতির হাল বোঝার জন্য নানা অদ্ভুত সূচকের কথা বলেছেন। ১৯২০-এর দশকে ‘হেমলাইন ইনডেক্স’ বা পোশাকের নিচের প্রান্তের উচ্চতা নিয়ে একটি ধারণা চালু হয়। বলা হতো, অর্থনীতি ভালো থাকলে নারীরা খাটো স্কার্ট পরতে পছন্দ করেন। কেন্দ্রীয় ব্যাংকার, ফেডের সাবেক চেয়্যারম্যান অ্যালান গ্রিনস্প্যান জনপ্রিয় করেছিলেন আরেকটি ধারণা, অর্থনৈতিক মন্দার সময় পুরুষদের অন্তর্বাসের বিক্রি দ্রুত কমে যায়। কারণ, এমন পোশাক চোখে পড়ে না বলে তা বদলানোকে কম জরুরি মনে হয়।

এসব ধারণার মধ্যে ‘লিপস্টিক ইনডেক্স’ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। যদিও এর পক্ষে প্রমাণ মূলত মানুষের অভিজ্ঞতাভিত্তিক এবং খণ্ডিত তথ্যের ওপর নির্ভরশীল। অর্থনীতিবিদেরা বছরের পর বছর বোঝার চেষ্টা করেছেন, ধারণাটি কেন সত্য হতে পারে। মন্দার সময় নারীরা কি চাকরির সাক্ষাৎকারের জন্য নিজেকে আরও সুন্দর করে সাজান? নাকি সঙ্গী খুঁজতে চান? শেষ পর্যন্ত তাঁদের ধারণা হয়েছে, লিপস্টিক কেনা আসলে ‘ছোটখাটো আনন্দের জন্য খরচ’ করার অংশ।

কিন্তু এখন অনেক ধনী দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার উদ্বেগের মধ্যে অর্থনৈতিক মন্দা ও লিপস্টিক বিক্রি বৃদ্ধির সম্পর্ক আর দেখা যাচ্ছে না। পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে দামি লিপস্টিকের বিক্রি আগের বছরের তুলনায় মাত্র ৩ শতাংশ বেড়েছে। কয়েক বছর আগে এই বৃদ্ধির হার ছিল দুই অঙ্কের ঘরে। শিল্প খাতের বিশ্লেষকেরা মনে করছেন, অদূর ভবিষ্যতে এই হার খুব একটা বাড়বে না।

পরামর্শক প্রতিষ্ঠান রেড অ্যাসোসিয়েটসের সান্দ্রা কারিলিওর মতে, এখন প্রসাধনসামগ্রীকে বিলাসিতা নয়, প্রয়োজনীয় পণ্য হিসেবে দেখা হয়। স্মার্টফোনের উন্নত ক্যামেরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সারাক্ষণ নজরে থাকার কারণে লডারের সময়ের পর থেকে প্রসাধনসামগ্রীতে খরচ অনেক বেড়েছে। ক্রেতারা এখন ঘরে সিরাম, ঠোঁটের গ্লস, সুগন্ধি—এমন নানা পণ্য রাখেন। ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌন্দর্যপণ্যের বাজারের মূল্য ৫৯০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

এখন যেটিকে সত্যিকারের বাড়তি আনন্দের খরচ মনে হয়, তা হলো স্পা-তে যাওয়া। ম্যাককিনসির জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষ বলেছেন, গত এক বছরে তাঁরা স্পা-সেবায়, যেমন ম্যাসাজ বা ত্বকের যত্নে খরচ বাড়িয়েছেন। লিপস্টিকের মতো প্রসাধনসামগ্রীর ক্ষেত্রে এ কথা বলেছেন ২৮ শতাংশ মানুষ।

লন্ডনে ত্বকের যত্নের একটি ক্লিনিক চালান জেসমিনা ভিকো। তাঁর ক্লিনিকে এখন অনেক কাজ হচ্ছে। তিনি বলেন, ‘আগে কেউ চ্যানেলের ব্যাগ কিনতে না পারলে চ্যানেলের লিপস্টিক কিনতেন। এখন তাঁরা হাতব্যাগ বা সৌন্দর্যপণ্যের বদলে অভিজ্ঞতা অর্জনে টাকা খরচ করতে চান।’

স্পা–তে গিয়ে ত্বকের যত্ন নেওয়া বা ম্যাসাজ করানো, সপ্তাহান্তের ভ্রমণ কিংবা দামি রেস্তোরাঁয় খাওয়ার চেয়ে কম খরচের অভিজ্ঞতা। কঠিন সময়েও মানুষ এই খরচ চালিয়ে যেতে চাইতে পারেন। কারণ, তাঁরা এটিকে শুধু বিলাসিতা নয়, স্বাস্থ্যসেবার অংশ মনে করেন। এই পরিবর্তনের সঙ্গে ‘সুস্থতা’ নিয়ে নতুন আগ্রহের সম্পর্ক আছে। কোভিড-১৯ মহামারির পর থেকে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াকে গুরুত্ব দেওয়া জনপ্রিয় হয়ে উঠেছে।

কঠিন সময়ে মানুষ ছুটি কাটানোর মতো অন্য খাতে খরচ কমাতে পারেন। তখন স্পা-তে খরচ কমার বদলে বাড়তেও পারে। তাই স্পা-সেবায় খরচ অর্থনীতির অবস্থা বোঝার একটি কার্যকর সূচক হয়ে উঠতে পারে। লিপস্টিক বিক্রি মূলত প্রাপ্তবয়স্ক নারীদের মনোভাব বোঝায়। কিন্তু ত্বকের যত্ন ও ম্যাসাজে খরচের হিসাব থেকে আরও নানা বয়সী মানুষের, তরুণী এবং কিছু পুরুষেরও আচরণ বোঝা যায়।

লিপস্টিক ইনডেক্সের দিন শেষ। ২০২৭ সালে বরং স্পা ইনডেক্সের দিকে নজর রাখুন।

সূত্র: দি ইকোনমিস্ট

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ