মধ্যবিত্তের নিজের বাড়ির স্বপ্ন কোথায় আটকায়
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

মধ্যবিত্তদের জীবন মানেই নানা ধরনের প্রশ্ন আর টানাপোড়েন। সমাজের অর্থনৈতিক জাঁতাকলে জীবনের বড় একটি সময় পার করতে হয় তাদের। এর মধ্যেই যখন নিজের স্বপ্নের একটি বাড়ি বা ফ্ল্যাটের কথা আসে, তা যেন অনেকটা সাদা–কালো ক্যানভাসে রঙিন স্বপ্ন আঁকার মতো।
নিজের একটি বাড়ি বা ফ্ল্যাট মধ্যবিত্ত পরিবারের কাছে শুধু সম্পত্তি নয়; এটি দীর্ঘদিনের সঞ্চয়ের ফল, পরিবারের নিরাপত্তার প্রতীক, যা ধীরে ধীরে সময়ের সঙ্গে গড়ে ওঠে। তবে এই স্বপ্ন বাস্তবায়নের কোনো একক বা নির্দিষ্ট পথ নেই। বাড়ি কেনার সিদ্ধান্ত নির্ভর করে পরিবারের আয়, সঞ্চয়ের পরিমাণ, নিয়মিত ব্যয়, সম্পত্তির মূল্য, ঋণ গ্রহণের সক্ষমতা এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনার ওপর। তাই শুধু বর্তমান আয়ের ভিত্তিতে নয়; বরং দীর্ঘমেয়াদি আর্থিক বাস্তবতা ও স্থিতিশীলতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিক্ষা, চিকিৎসা এবং জীবনযাত্রার অন্যান্য ব্যয় বাড়ায় মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের সক্ষমতার ওপর চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে জমি, নির্মাণসামগ্রী ও আবাসনের মূল্যও অনেক ক্ষেত্রে বাড়ছে। ফলে আজ যে সম্পত্তির দাম একটি পরিবারের নাগালের মধ্যে রয়েছে, কয়েক বছর পর সেটির মূল্য আরও বেশি হতে পারে।
তবে শুধু দাম বাড়ার আশঙ্কায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াও ঠিক নয়। নিজের আয় ও ভবিষ্যৎ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কতটা অর্থ সঞ্চয় করা সম্ভব, কত টাকা ঋণ নেওয়া নিরাপদ এবং মাসিক কিস্তি কতটা বহন করা যাবে—এসব বিষয় আগে বিবেচনা করা জরুরি।
বাড়ি কেনার প্রস্তুতি শুধু ডাউন পেমেন্টের অর্থ জমা করার মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়মিত আয়ের একটি অংশ দীর্ঘ মেয়াদে সঞ্চয় করা, জরুরি প্রয়োজনের জন্য আলাদা অর্থ রাখা এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করাও গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে বাড়ি কেনার জন্য প্রয়োজনীয় অর্থের পাশাপাশি কিস্তি পরিশোধের সক্ষমতাও তৈরি হয়।
অনেক ক্ষেত্রে ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে সঞ্চয় বাড়ানোও বাস্তবসম্মত হতে পারে। তবে সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণের সময় শুধু সম্পত্তির বর্তমান মূল্য নয়, ভবিষ্যৎ ব্যয় ও সম্ভাব্য অতিরিক্ত খরচও বিবেচনায় রাখা প্রয়োজন।
সম্পত্তির দাম ছাড়াও ডাউন পেমেন্ট, মাসিক কিস্তি, রক্ষণাবেক্ষণ, কর ও অন্যান্য খরচ আগে থেকেই হিসাব করা জরুরি। অনেক সময় কিস্তির চাপ আয়ের তুলনায় বেশি হলে দৈনন্দিন ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ে।
তাই নিজের আর্থিক সক্ষমতা বাস্তবভাবে যাচাই করা দরকার। কোন সম্পত্তি বাজেটের মধ্যে মানানসই এবং কতটা ঋণ নেওয়া নিরাপদ—এসব ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। পাশাপাশি ভবিষ্যতের আয় পরিবর্তন, সন্তানের শিক্ষা ও অন্যান্য বড় খরচও আগেই পরিকল্পনায় রাখা প্রয়োজন।
মধ্যবিত্ত পরিবারের জন্য একসঙ্গে পুরো অর্থ পরিশোধ করে বাড়ি কেনা সব সময় সহজ নয়। এ ক্ষেত্রে হোম লোন প্রয়োজনীয় অর্থায়নের একটি মাধ্যম হতে পারে। তবে ঋণ নেওয়ার আগে সুদের হার, কিস্তির পরিমাণ, ঋণের মেয়াদ এবং নিজের নিয়মিত আয়—সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
সঠিক পরিকল্পনার মাধ্যমে হোম লোন পরিবারের সঞ্চয় ও আয়ের সঙ্গে মিল রেখে বাড়ি কেনার সুযোগ তৈরি করতে পারে। তবে কত টাকা ঋণ নেওয়া হবে, সেটি শুধু ব্যাংক কত টাকা দিতে পারে, তার ভিত্তিতে নয়; পরিবার কতটা স্বাচ্ছন্দ্যে সেই ঋণ পরিশোধ করতে পারবে, তার ভিত্তিতেও নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মধ্যবিত্ত পরিবারের জন্য বাড়ি কেনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাড়ির উচ্চমূল্য, প্রাথমিক ডাউন পেমেন্টের অর্থ জোগাড় এবং দীর্ঘমেয়াদি ঋণের কিস্তি পরিশোধের সক্ষমতা বজায় রাখা। এ জন্য শুরু থেকেই পরিকল্পিত সঞ্চয় থাকা ভালো।’
এম নাজিম এ চৌধুরী আরও বলেন, মাসিক আয়ের একটি নির্দিষ্ট অংশ বাড়ি কেনার তহবিলে জমা রাখা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং বিদ্যমান ঋণের বোঝা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি বাড়ি কেনার আগে নিজের আয়, ব্যয় ও ভবিষ্যৎ আর্থিক দায় বিবেচনায় বাজেট নির্ধারণ করা উচিত। হোম লোনের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ দেয়। প্রাইম ব্যাংক গ্রাহকের আর্থিক সক্ষমতা বিবেচনায় উপযুক্ত ঋণসুবিধা ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকতে চায়।
মধ্যবিত্তের জন্য নিজের বাড়ি কেনা কঠিন হতে পারে, তবে তা অসম্ভব নয়। আয়, সঞ্চয়, ব্যয় এবং ঋণের সক্ষমতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করলে দীর্ঘ মেয়াদে এই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তাই আবেগের পাশাপাশি আর্থিক পরিকল্পনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে যৌক্তিক।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা
২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৮ AM · প্রথম আলো
১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
