শাহজাদপুর সংবাদ

এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা

২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৮ AM

এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা

মাঝে এক দিন দাম কমার পর আজ বৃহস্পতিবার দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৭ টাকা কমেছিল। এর আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।

চলতি সপ্তাহে সোনার দাম একাধিকবার বাড়লেও সামগ্রিকভাবে বাজার নিম্নমুখী। গত সপ্তাহে টানা কয়েক দফায় সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সব মিলিয়ে টানা কয়েক দফায় দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এরপর কোনো দিন দাম বেড়েছে, আবার কোনো দিন কমেছে। অর্থাৎ সোনার বাজারে একধরনের অস্থিরতা বিরাজ করছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম বাড়াও এর অন্যতম কারণ। তবে আজ রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৯১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৭০০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

দাম বাড়ানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

চলতি সপ্তাহের শুরুতে বিশ্ববাজারেও সোনার দাম বেড়েছে। তবে গত মঙ্গলবার আবার কমে যায়। বুধবার দাম বাড়লেও বাজারে ওঠানামা অব্যাহত রয়েছে। নিউইয়র্কের বাজারে গতকাল প্রতি আউন্স সোনার দাম ২১ ডলার বেড়ে ৩ হাজার ৫৮৩ ডলারে দাঁড়ায়। মূলত আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে আসায় বিনিয়োগকারীরা আবার সোনার দিকে ঝুঁকেছেন। তবে আগামী ডিসেম্বরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বাড়ালে সোনার দাম আবার কমতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

সামগ্রিকভাবে বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী। গত শুক্রবার প্রতি আউন্স সোনার দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৯৩ সেন্টে নেমে আসে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটি ছিল সর্বনিম্ন দাম। গত সপ্তাহে সোনার দাম প্রায় ৯ শতাংশ কমেছে, যা গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকদের মতে, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ