‘পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ?’
২৫ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এভাবে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন লেখক কল্লোল মোস্তফা। তিনি লেখেন, মজুরি বোর্ডে মজুরি নির্ধারণ হওয়ার কথা শ্রমিকের পরিবারসহ জীবনযাত্রার ব্যয়কে প্রাধান্য দিয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে। কিন্তু পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হলো মাছ বাজারের মতো দরকষাকষি ও সবশেষে ভোটাভুটি করে।
তিনি লেখেন, যে দরকষাকষিতে মালিকপক্ষের চেয়ে সরকার নিয়োজিত ‘শ্রমিকপক্ষ’ ছাড় দিয়েছে অনেক বেশি। অথচ সরকারি কর্মচারীদের মজুরি নির্ধারণের সময় রীতিমত বিবিএসকে দিয়ে জরিপ করানো হয়েছিল। তারপর সেই জরিপের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধরাণ করা হয় ঢাকায় ৩৬ হাজার আর ঢাকার বাইরে ৩৩ হাজার। পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হলো সরকারি কর্মচারীদের ঢাকার সর্বনিম্ন বেতনের অর্ধেকেরও কম। অথচ তারা উভয়ে একই বাজার থেকে নিত্যপণ্য ক্রয় করেন।
তিনি আরও লেখেন, শুধু তাই না, সরকারি কর্মচারীরা পেনশনসহ বাড়তি আরও অনেক সুবিধা পান, যা পোশাক শ্রমিকরা পান না। তাহলে কোন যুক্তিতে পোশাক শ্রমিকরা সরকারি কর্মচারীদের অর্ধেকেরও কম মজুরি পাবেন? পোশাক শ্রমিকরা কি অর্ধেক মানুষ? তাদের কেন সরকারি কর্মচারীদের চেয়ে অর্ধেকেরও কম খেয়ে পরে বেচ থাকতে হবে?
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা
২৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৮ AM · প্রথম আলো
১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের
২৫ নভেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
