রাজশাহীতে উপকারভোগীদের মাঝে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ
২ নভেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নির্বাচিত উপকারভোগীদের মধ্যে স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর জীবিকায়ন সহায়তা প্রকল্পের আওতায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত উপকারভোগীদের মাঝে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
আজ সোমবার( ২ নভেম্বর) দুপুরে নগর ভবনের ৮ম তলায় আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ইউএনডিপি, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট প্রদান করা হয়। মোট ১২০ জন উপকারভোগীর মধ্যে ১১৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম ভবিষ্যতে নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে। সম্মিলিতভাবে বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বেকার জনগোষ্ঠীকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব।
তিনি আরও বলেন, ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। রাজশাহী নগরীতে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কার্যক্রম সম্প্রসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি প্রফেসর মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন।
এতে বক্তব্য দেন, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ রাসিকের কর্মকর্তা, প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বাস্তবায়িত লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ (খঝটচঈই) প্রকল্পের আওতায় গত এক বছরে রাজশাহী মহানগরীর ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান শেষে তাদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সহায়তা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
The post রাজশাহীতে উপকারভোগীদের মাঝে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অধিক লাভের আশায় মাঠে যমুনা চরের বাদাম চাষিরা
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM · karatoa.com.bd
