শাহজাদপুর সংবাদ

মুদি দোকানে ডাকঘর

২৬ নভেম্বর, ২০২৬ এ ১:২৭ AM

মুদি দোকানে ডাকঘর

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডাকঘরগুলোর অবস্থা বেহাল। বর্তমানে অধিকাংশ শাখা ডাকঘরের দাপ্তরিক কার্যক্রম চলছে সংশ্লিষ্ট পোস্টমাস্টারের বাড়ির বৈঠকখানায়, স্থানীয় মুদি দোকান কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের ছোট কক্ষে। উপজেলায় ২৯টি ডাকঘর রয়েছে। প্রায় সব কটিরই রুগ্ণ অবস্থা।

সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ২৯টি ডাকঘরের মধ্যে ২৬টিরই কোনো নিজস্ব ঘর বা স্থায়ী ভবন নেই। এর পাশাপাশি ডাকবাক্স বা লেটারবক্স নিয়েও রয়েছে চরম অব্যবস্থাপনা। উপজেলার ১৩টি ডাকঘরে কোনো লেটারবক্সই নেই। এ ছাড়া ৯টি ডাকঘরের লেটারবক্স ভাঙা অবস্থায় পড়ে আছে এবং ৩টি ডাকঘরের লেটারবক্সে কোনো তালা নেই। এমন নাজুক অবকাঠামোর মধ্য দিয়েই কোনোমতে চলছে শাহজাদপুরের শহর ও গ্রামপর্যায়ের ডাকসেবা।

শাহজাদপুর উপজেলা সদরে অবস্থিত পোস্ট অফিস পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ জেলার মধ্যে কেবল শাহজাদপুর উপজেলার ২৯টি ডাকঘরের মধ্যে ১টি উপজেলা পোস্ট অফিস, ১টি সাব-পোস্ট অফিস (এসও), ১টি অবিভাগীয় শাখা সাব-পোস্ট অফিস (ইডিএসও) এবং ২৬টি শাখা পোস্ট অফিস (বিও) অন্তর্ভুক্ত। বিপুলসংখ্যক এই ডাকঘরের মধ্যে ২৬টি শাখা পোস্ট অফিসেরই নিজস্ব কোনো জায়গা বা ঘর নেই। ফলে অধিকাংশ শাখা ডাকঘরের দাপ্তরিক কার্যক্রম চলছে সংশ্লিষ্ট পোস্টমাস্টারের বাড়ির বৈঠকখানায়, স্থানীয় মুদি দোকানে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের ছোট কক্ষে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, শাখা পোস্ট অফিস (বিও) চালুর নিয়ম অনুযায়ী, যিনি ওই ডাকঘরের পোস্টমাস্টারের দায়িত্বে থাকবেন, তাকেই নিজ উদ্যোগে জায়গার ব্যবস্থা করে কার্যক্রম পরিচালনা করতে হয়। সরকারিভাবে স্থায়ী ভবন ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে একদিকে যেমন দাপ্তরিক নথিপত্র ও চিঠিপত্রের নিরাপত্তা বিঘিœত হচ্ছে, অন্যদিকে কাক্সিক্ষত সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

শাহজাদপুর উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাঘাবাড়ী নদীবন্দর। উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নদীবন্দরের ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজের গুরুত্ব বিবেচনা করে ডাক বিভাগ এখানে একটি শাখা ডাকঘর চালু করেছিল। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ অবধি এই ডাকঘরের নিজস্ব কোনো ভবন গড়ে ওঠেনি। বর্তমানে বাঘাবাড়ী মিল্কভিটা দুগ্ধ কারখানার ভেতরে একটি ছোট ও জরাজীর্ণ কক্ষে কোনোরকমে চলছে এর দাপ্তরিক কার্যক্রম। জায়গার স্বল্পতা এবং ভবনের নাজুক অবস্থার কারণে একদিকে যেমন ডাককর্মীদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, অন্যদিকে সেবা নিতে আসা সাধারণ মানুষও পড়ছেন চরম অস্বস্তিতে।

ডাকঘরটির অবকাঠামোগত দুরবস্থার পাশাপাশি সেবা প্রদানের ন্যূনতম সরঞ্জামেরও তীব্র অভাব রয়েছে। এই শাখা পোস্ট অফিসের একমাত্র লেটারবক্স বা ডাকবাক্সটি বহু আগেই মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে নষ্ট হয়ে গেছে। পরবর্তী সময়ে সেটি খুলে রাখা হলেও সেখানে নতুন কোনো ডাকবাক্স স্থাপন করা হয়নি। ফলে বর্তমানে পুরো ডাকঘর চত্বরে কোনো ডাকবাক্সের অস্তিত্ব নেই।

অথচ এই শাখা ডাকঘরটির ওপর নির্ভরশীল পুরো বাঘাবাড়ী শিল্প ও বন্দর অঞ্চল। নদীবন্দর ছাড়াও এই এলাকায় গড়ে উঠেছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি একাধিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের শাখা, একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পেট্রোবাংলার গুরুত্বপূর্ণ অয়েল ডিপো, সিমেন্ট কারখানা এবং আবহাওয়া অফিস। এ ছাড়া এশিয়ার অন্যতম বৃহৎ সমবায়ী প্রতিষ্ঠান মিল্কভিটা দুগ্ধ কারখানার পাশাপাশি এখানে রয়েছে বেশ কয়েকটি বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা। প্রতিদিন এসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ দাপ্তরিক চিঠিপত্র, নথিপত্র এবং সাধারণ মানুষের জরুরি ডাক আদান-প্রদান হয় এই অফিসের মাধ্যমে। কিন্তু খোদ ডাকঘরেই কোনো ডাকবাক্স না থাকায় চিঠি পোস্ট করতে এসে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের।

ভুক্তভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান ও কর্মকর্তারা জানান, বেলা ১টা বাজলেই বাঘাবাড়ী শাখা পোস্ট অফিসটি বন্ধ করে দেওয়া হয়। একটি ব্যস্ততম বাণিজ্যিক ও শিল্প এলাকায় দুপুরের আগেই ডাকঘর বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত অযৌক্তিক। বেলা ১টার পর কোনো জরুরি চিঠি, টেন্ডার বা গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র পাঠানোর প্রয়োজন হলে বাঘাবাড়ী থেকে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শাহজাদপুর উপজেলা সদর পোস্ট অফিসে যেতে হয়। যাতায়াতের এই বাড়তি ঝক্কির কারণে প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মূল্যবান সময় এবং অর্থ উভয়েরই অপচয় হচ্ছে।

এ ব্যাপারে শাহজাদপুরের পোস্ট অফিস পরিদর্শক মো. আব্দুল মোতালেব জানান, তার কার্যলয়টি এখন ঝুঁকিপূর্ণ। এছাড়া, পুরো শাহজাদপুরের পোস্ট অফিসের ডাকবাক্সসহ নানা সমস্যার কথা জানিয়ে তা নিরসনের জন্য পাবনা ডেপুটি পোস্ট মাস্টর জেনারেল বরাবর আবেদন করে অবহিত করা হয়েছে।

ক্যাপশন: শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীর শাখা ডাকঘরের ডাকবাক্সটি মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী

সূত্র: দেশ রূপান্তর

সম্পর্কিত সংবাদ